Islamic Law 1 min read

স্বামী কর্তৃক তালাক নোটিশ ফরম পূরণের নিয়ম

স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে তালাক নোটিশ ফরম পূরণের নিয়ম সঠিকভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শখের বশে বা খামখেয়ালি থেকে কেউ তালাকের মতো কঠিন সিদ্ধান্ত নেন না। সংসার জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে নানা তর্ক, ভুল বোঝাবুঝি ও জটিলতা হতেই পারে। সাংসারিক জটিলতা যখন সহ্যসীমা বা আত্মমর্যাদাবোধ ছাড়িয়ে যায়, তখন শান্তির খোঁজে মানুষ তালাকের সিদ্ধান্ত নেয়। তালাক যে কারণেই হোক, সঠিক আইনি পদ্ধতি অনুসরণ করাই সবচেয়ে জরুরি।

তালাক দিলেও পরবর্তী বিবাহিত জীবনে বা বিদ্যমান সংসারে তার প্রভাব থেকে যায়। ভবিষ্যতের জটিলতা এড়াতে নিয়ম মেনে তালাকের নোটিশ পূরণ করা খুব জরুরি। কাজী অফিসের তালাক নোটিশ এবং আইনজীবীর মাধ্যমে দেওয়া তালাক নোটিশের মধ্যে পার্থক্য থাকে, আর এলাকাভেদে কাজী অফিসের ফরমেও কিছু ভিন্নতা থাকতে পারে। এই লেখায় কাজী অফিসের তালাক নোটিশ ফরম পূরণের নিয়ম নিয়ে আলোচনা করলাম।

তালাক নোটিশ পূরণের নিয়ম

স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে নোটিশে নিচের বিষয়গুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে:

  1. স্বামীর পূর্ণ নাম (কাবিননামা, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের সাথে মিল রেখে)
  2. পিতা-মাতার নাম
  3. স্থায়ী ও বর্তমান ঠিকানা
  4. বিয়ের তারিখ ও মোহরানার পরিমাণ
  5. কাবিননামার নম্বর এবং বিয়ে রেজিস্ট্রির তারিখ (কাজী অফিসের নামসহ)
  6. স্ত্রীর নাম, পিতা ও মাতার নাম
  7. স্ত্রীর বর্তমান ও স্থায়ী ঠিকানা
  8. তালাক দেওয়ার আইনসম্মত এক বা একাধিক কারণ (বিস্তারিত পড়ুন)
  9. যেদিন তালাক দেওয়া হয়েছে
  10. কোনো বিশেষ বক্তব্য বা শর্ত
  11. তালাকের প্রত্যক্ষ সাক্ষী (২ জন)
  12. তালাকদাতার স্পষ্ট স্বাক্ষর
  13. অনুলিপি প্রাপকের পরিচয় (চেয়ারম্যান বা মেয়র)

তালাক নোটিশ ফরমের অংশ এক নজরে

ফরমের অংশকী লিখবেনকোথা থেকে মিলাবেন
তালাকদাতার পরিচয়নাম, পিতা-মাতা, ঠিকানাজাতীয় পরিচয়পত্র ও কাবিননামা
বিয়ের বিবরণবিয়ের তারিখ, কাবিন নম্বর, কাজী অফিসকাবিননামা
দেনমোহরমোট, উসুল ও বকেয়া দেনমোহরকাবিননামার সংশ্লিষ্ট ঘর
স্ত্রীর পরিচয়নাম, পিতা-মাতা, বর্তমান ঠিকানাকাবিননামা ও বর্তমান তথ্য
তালাকের কারণ ও তারিখসংক্ষিপ্ত কারণ ও তারিখতালাকদাতার বক্তব্য
সাক্ষী ও স্বাক্ষরদুইজন সাক্ষী ও তালাকদাতার স্বাক্ষরসাক্ষীর জাতীয় পরিচয়পত্র
অনুলিপিইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনস্ত্রীর বর্তমান ঠিকানার এলাকা

তালাক নোটিশ কে দিতে পারেন?

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৭(১) ধারায় তালাক নোটিশ কে পাঠাবেন, তা আলাদাভাবে উল্লেখ নেই। আইনে বলা আছে, যিনি তালাক দেবেন তিনি লিখিতভাবে তালাকের নোটিশ স্ত্রী এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে পাঠাবেন।

প্রচলিত নিয়মে তালাক নোটিশ দিতে কাজী বা আইনজীবীর শরণাপন্ন হতে হয়। আইনে কাজী বা আইনজীবীর কথা উল্লেখ না থাকলেও আনুষ্ঠানিকভাবে আইন মেনে তালাক দিতে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো হয়। নোটিশ পূরণের পর তা যথাযথভাবে প্রাপকদের কাছে পাঠানো এবং ৯০ দিন পর তালাক রেজিস্ট্রারের মাধ্যমে রেজিস্ট্রি করাতে আইনজীবীর সহায়তা কাজে আসে।

তালাকের নোটিশ না পাঠালে কী হবে?

নিয়ম অনুযায়ী তালাকের নোটিশ না পাঠালে সর্বোচ্চ ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে চেয়ারম্যান বা মেয়র সালিশি পরিষদ গঠন করে আপসের উদ্যোগ নেবেন।

স্বামী নোটিশ পৌঁছানোর ৯০ দিনের মধ্যে তালাক প্রত্যাহার না করলে তালাক কার্যকর হবে। ৯০ দিনের মধ্যে প্রত্যাহার করলে তালাক কার্যকর হবে না। প্রত্যাহারের নিয়ম জানতে পড়ুন তালাক প্রত্যাহার বা বাতিল করার নিয়ম।

তালাক দেওয়ার সময় স্ত্রী গর্ভবতী থাকলে ৯০ দিন বা সন্তান প্রসব, যেটি পরে হবে, তার পর তালাক কার্যকর হবে।

তালাক নোটিশের সাথে যেসব কাগজ লাগে

  • কাবিননামা বা নিকাহনামার কপি
  • স্বামী ও স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি
  • দুইজন সাক্ষীর জাতীয় পরিচয়পত্র
  • নোটিশ পাঠানোর রেজিস্টার্ড ডাকের রসিদ ও প্রাপ্তিস্বীকার
  • চেয়ারম্যান বা মেয়রের কার্যালয়ের প্রাপ্তিস্বীকার

তালাক নোটিশ নিয়ে সচরাচর জিজ্ঞাসা

তালাক নোটিশ কাকে কাকে পাঠাতে হয়?

স্ত্রীকে এবং স্ত্রী যে এলাকায় থাকেন সেই এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়রকে লিখিতভাবে পাঠাতে হয়।

তালাক নোটিশ না পাঠালে কী শাস্তি?

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৭ ধারা অনুযায়ী সর্বোচ্চ ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড।

তালাক কখন কার্যকর হয়?

চেয়ারম্যান বা মেয়রের কাছে নোটিশ পৌঁছানোর ৯০ দিন পর। স্ত্রী গর্ভবতী হলে ৯০ দিন বা সন্তান প্রসব, যেটি পরে হয়।

মৌখিক তালাক কি বৈধ?

বাংলাদেশের আইনে লিখিত নোটিশ ছাড়া তালাক কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হয় না। তাই মৌখিকভাবে তালাক বললেও নিয়ম মেনে নোটিশ পাঠাতে হয়।

তালাক নোটিশে কি কারণ লিখতে হয়?

সংক্ষেপে আইনসম্মত কারণ উল্লেখ করা ভালো, তবে কারণ না লিখলেও স্বামীর তালাক অবৈধ হয় না। ভাষা সংযত রাখুন, কারণ ভবিষ্যতে মামলায় নোটিশটি প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে।

তালাক নোটিশ পূরণ, নোটিশ জারি বা তালাক রেজিস্ট্রিতে আইনি সহায়তার জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এই বিষয়ে আরও পড়ুন

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature. Watch his property law videos on <a href="https://www.youtube.com/channel/UCv3PBDuEpIZcWjXWwGxByMQ" target="_blank" rel="noopener">YouTube</a>.

View All Articles by Author