Islamic Law 1 min read

তালাক বাতিলের নোটিশ ফরম্যাট || Divorce Cancellation Notice Format

তালাক দেওয়ার পর আপস হয়ে গেলে ৯০ দিনের মধ্যে লিখিতভাবে তালাক প্রত্যাহার করতে হয়। এজন্য স্বামী বা স্ত্রী এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান বা মেয়রের কাছে তালাক বাতিলের নোটিশ পাঠাতে হয়। নিচে স্ত্রী কর্তৃক অর্পিত ক্ষমতায় দেওয়া তালাক প্রত্যাহারের একটি নমুনা নোটিশ ফরম্যাট দিলাম, সাথে নোটিশ পূরণ ও পাঠানোর নিয়ম ব্যাখ্যা করলাম।

তালাক বাতিলের নোটিশে যা থাকতে হবে

অংশকী লিখবেন
প্রাপকতালাক গ্রহীতা এবং যে চেয়ারম্যান বা মেয়রকে তালাকের নোটিশ পাঠানো হয়েছিল
প্রেরকতালাকদাতার নাম, পিতা-মাতা ও ঠিকানা
বিষয়কোন তারিখের তালাক প্রত্যাহার করা হচ্ছে
বিয়ের বিবরণবিয়ের তারিখ ও প্রেক্ষাপট
তালাকের বিবরণতালাকের তারিখ ও সংক্ষিপ্ত কারণ
প্রত্যাহারের কারণআপস বা সমঝোতার বিবরণ
ঘোষণাস্বেচ্ছায়, কারও প্রভাব ছাড়া প্রত্যাহার করা হলো
স্বাক্ষরতালাকদাতার স্বাক্ষর ও তারিখ

তালাক বাতিলের নোটিশ ফরম্যাট (নমুনা)

তালাক বাতিলের নোটিশ
(রেজিস্টার্ড এ/ডি সহযোগে)

প্রাপক,
১। মো: আহসান হাবীব
পিতা: আ: মালেক
সাং: ২৮০৯, পশ্চিম ব্রাহ্মন্দী, নরসিংদী সদর, নরসিংদী।
বর্তমানে: ৪৯১, দনিয়া, দনিয়া-১২৩৬, যাত্রাবাড়ী, ঢাকা।

২। চেয়ারম্যান/মেয়র
নরসিংদী পৌরসভা, নরসিংদী।

প্রেরক,
হাসিনা পারভীন
পিতা: আব্দুল আবেদ
মাতা: কুলসুম বেগম
সাং: ৬৭৬, দনিয়া, দনিয়া-১২৩৬, যাত্রাবাড়ী, ঢাকা।

বিষয়: বিগত ২৪/০৯/২০২১ ইং তারিখে প্রদত্ত তালাক প্রত্যাহার করণ প্রসঙ্গে।

জনাব,

(১) যেহেতু আমি অত্র নোটিশ প্রেরক/দাত্রীর সহিত ১নং নোটিশ গ্রহীতা বিগত ১১/০২/২০১০ ইং তারিখে পারিবারিকভাবে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং দীর্ঘদিনের দাম্পত্য জীবনে আল্লাহ আমাদের তিন সন্তানের জনক-জননী হিসাবে কবুল করিয়াছেন।

(২) উভয়পক্ষে বিদ্যমান দাম্পত্য কলহকে কেন্দ্র করিয়া বিগত ২৪/০৯/২০২১ ইং তারিখে ১নং নোটিশ গ্রহীতার বিরুদ্ধে নিয়মিত ভরণপোষণ না দেওয়া, খেয়াল-তদারকি না করাসহ অন্যান্য অভিযোগ আনয়ন করিয়া আমি অত্র নোটিশ দাত্রী অর্পিত ক্ষমতাবলে তালাক প্রদান করি।

(৩) পরবর্তীতে উভয়পক্ষের পরিবারের অভিভাবক এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের হস্তক্ষেপে নিজেদের এবং সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করিয়া দুই পক্ষ আপসের মাধ্যমে বর্ণিত তালাক প্রত্যাহার করিয়া শান্তিপূর্ণভাবে সংসার জীবন পরিচালনার জন্য আপসবদ্ধ হই।

(৪) এমতাবস্থায়, আমি অত্র নোটিশ দাত্রী প্রেরিত বিগত ২৪/০৯/২০২১ ইং তারিখের তালাক নোটিশ বাতিল বিবেচনায় নিয়া বর্ণিত তালাক প্রত্যাহার মর্মে গণ্য করিয়া আমি এবং ১নং নোটিশ গ্রহীতা জনাব মো: আহসান হাবীব পূর্বের ন্যায় স্বামী-স্ত্রী হিসাবে আইনানুগ বৈধ সংসার ধর্ম পালন করিব এবং পরস্পর স্বামী-স্ত্রী হিসাবে সাব্যস্ত হইব।

অতএব, আমার প্রদত্ত বিগত ২৪/০৯/২০২১ ইং তারিখের তালাক নোটিশ স্বেচ্ছায় প্রত্যাহার করিয়া নিলাম। আমার এই কার্যে কারও কোনো প্রভাব বা হস্তক্ষেপ নাই।

বিনীত নিবেদক,

[হাসিনা পারভীন]
পিতা: আব্দুল আবেদ
মাতা: কুলসুম বেগম
সাং: ৬৭৬, দনিয়া, দনিয়া-১২৩৬, যাত্রাবাড়ী, ঢাকা।

নমুনায় ব্যবহৃত নাম ও ঠিকানা কাল্পনিক। নিজের তথ্য ও তারিখ অনুযায়ী পরিবর্তন করে ব্যবহার করুন।

তালাক বাতিলের নোটিশ পাঠানোর নিয়ম

  1. মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৭ ধারা অনুযায়ী তালাকের নোটিশ চেয়ারম্যান বা মেয়রের কাছে পৌঁছানোর ৯০ দিনের মধ্যে প্রত্যাহারের নোটিশ পাঠাতে হবে।
  2. নোটিশ তালাক গ্রহীতা এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান বা মেয়র, দুই জায়গাতেই রেজিস্টার্ড ডাকে (এ/ডি) পাঠান।
  3. নোটিশের কপি, ডাকের রসিদ ও প্রাপ্তিস্বীকার সংরক্ষণ করুন।
  4. তালাক রেজিস্ট্রি হয়ে থাকলে সংশ্লিষ্ট কাজী অফিসেও প্রত্যাহার লিপিবদ্ধ করান।
  5. প্রয়োজনে নোটারি পাবলিকের সামনে তালাক প্রত্যাহারের হলফনামা সম্পাদন করুন।

হলফনামার নমুনাসহ বিস্তারিত পড়ুন তালাক প্রত্যাহার বা তালাক বাতিল করার নিয়ম।

তালাক বাতিলের নোটিশের সাথে যেসব কাগজ রাখবেন

  • কাবিননামার কপি
  • পূর্বের তালাক নোটিশের কপি
  • তালাক রেজিস্ট্রি হয়ে থাকলে তার কপি
  • স্বামী ও স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি
  • রেজিস্টার্ড ডাকের রসিদ ও প্রাপ্তিস্বীকার

তালাক বাতিলের নোটিশ নিয়ে সচরাচর জিজ্ঞাসা

তালাক বাতিলের নোটিশ কাকে পাঠাতে হয়?

তালাক গ্রহীতা এবং যে চেয়ারম্যান বা মেয়রকে তালাকের নোটিশ পাঠানো হয়েছিল, দুজনকেই রেজিস্টার্ড ডাকে পাঠাতে হয়।

৯০ দিন পার হলে কি তালাক বাতিল করা যায়?

না। ৯০ দিন পার হলে তালাক কার্যকর হয়ে যায়। তখন একসাথে থাকতে চাইলে নতুন করে বিয়ে করতে হয়।

স্ত্রী কি নিজের দেওয়া তালাক প্রত্যাহার করতে পারেন?

হ্যাঁ। কাবিনে অর্পিত ক্ষমতাবলে স্ত্রী তালাক দিয়ে থাকলে তিনিও ৯০ দিনের মধ্যে একইভাবে তালাক প্রত্যাহার করতে পারেন।

তালাক বাতিলের নোটিশ কি আইনজীবীর মাধ্যমে পাঠাতে হয়?

বাধ্যতামূলক নয়, নিজেও পাঠানো যায়। তবে সঠিক ফরম্যাট ও প্রমাণ সংরক্ষণের জন্য আইনজীবীর মাধ্যমে পাঠানো নিরাপদ।

তালাক প্রত্যাহারের পর কি আবার কাবিন করতে হয়?

না। ৯০ দিনের মধ্যে বৈধভাবে প্রত্যাহার হলে আগের বিয়ে ও কাবিন বহাল থাকে।

তালাক বাতিলের নোটিশ তৈরি, পাঠানো বা কাজী অফিসের প্রক্রিয়ায় সহায়তার জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এই বিষয়ে আরও পড়ুন

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature. Watch his property law videos on <a href="https://www.youtube.com/channel/UCv3PBDuEpIZcWjXWwGxByMQ" target="_blank" rel="noopener">YouTube</a>.

View All Articles by Author