ধার দেওয়া টাকা ফেরত না পাওয়া আমাদের সমাজের খুব পরিচিত সমস্যা। পাওনা টাকা আদায় করতে হলে কোন পথে যাবেন, কী প্রমাণ লাগবে আর কত দিনের মধ্যে মামলা করতে হবে, সেটা আগে জানা জরুরি। টাকা ধার দেওয়ার আগে কী করবেন এবং টাকা আটকে গেলে কী করবেন, দুটিই এই লেখায় তুলে ধরলাম।
জরুরী প্রয়োজনে কাউকে টাকা ধার দিয়েছেন। ধার নেবার সময় অঙ্গিকার করেছিল কয়েক দিনের মধ্যেই আপনার পাওনা শোধ করে দিবে। কিন্তু, কিছুদিন পার হবার পর আপনি যখন লাজুক ভাবে টাকাটা ফেরত চাইলেন তখন দেনাদার বিভিন্ন কাকতালীয় ঘটনা শুনিয়ে আপনাকে ইমোশনাল বানিয়ে দিল।
আজ-কাল করতে করতে অনেক সময় পার হবার পরও ফেরত পাননি আপনার টাকা। কোথায় আপনি সওয়াবের আশায় ঋণ দিলেন, সেখানে আপনি দেনাদারের পিছনে পিছনে ছুটতে হচ্ছে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য।
আমাদের সমাজে এটা খুবই পরিচিত ঘটনা। কথায় আছে, “মানুষ চিনতে চাইলে তাকে টাকা ধার দাও” আবার “লেনদেনে হয় বন্ধুত্ব নষ্ট” । এসব কথা তখনই মনে হয়, যখন আমরা এ রকম বিপদে পড়ি। আমাদের মধ্যে অনেকে আছে লজ্জায় না করতে পারিনা। লেনদেনের সময় লজ্জায় টাকা গুণেও নেই না, কাগজপত্র করাতো পরের কথা।
কিন্তু যখন নিজেদের ভুল বুঝতে পারি তখন আর সময় থাকে না। আদালতের মাধ্যমে টাকা আদায় করতে হলে কাগজ-পত্র দরকার প্রমাণ হিসাবে কিন্তু আমাদের কাছে সেটা থাকেনা। এমন পরিস্থীতির স্বীকার হলে কিভাবে পাওনা টাকা উদ্ধার করবেন সে বিষয় জানাতেই এই লেখা।
টাকা ধার দেবার আগে যা করবেন
১। চুক্তিপত্র করুন
কাউকে টাকা ধার দেবার প্রয়োজন হলে অবশ্যই ৩০০ টাকা স্ট্যাম্প পেপারে চুক্তিপত্র করবেন। চুক্তিতে টাকা ধার দেবার তারিখ, ফেরতের তারিখ, কিভাবে ফেরত দিবে, ফেরত না দিলে কি করতে পারবেন, একবারে পরিশোধ করবে নাকি কিস্তিতে পরিশোধ করবে সব লিখে রাখবেন। যাকে টাকা দিচ্ছেন তার পরিবারের সদস্য কাউকে স্বাক্ষী রাখবেন।
চুক্তিপত্র সম্পাদনের পর তা নোটারি পাবলিকের মাধ্যমে নোটারাইজ (সত্যায়িত) করে নিবেন। সম্ভব হলে, জামানত হিসাবে স্বাক্ষর করা ব্যাংক চেক রাখবেন।
২।স্বাক্ষরিত চেক নিন
যাকে টাকা দিচ্ছেন বা যার জিম্মায় টাকা দিচ্ছেন তার সাথে কোন কারনে যদি চুক্তিপত্র করা সম্ভব না হয় তবে তার স্বাক্ষরিত চেক রাখুন। কোন কারণে টাকা ফেরত না দিলে চেকের মামলা করতে পারবেন। চেকের বিপরীতে একটি কাগজে এনকেশমেন্ট এর তারিখ ও স্বীকারোক্তি লিখে তাতে পাওনা গ্রহীতার স্বাক্ষর নিয়ে রাখুন। চেক দাতার নাম, পিতার নাম ও ঠিকানা ভাল করে যাচাই করে নিন। ব্যাস, আর কিছু লাগবে না। আমাদের দেশে মামলা হলে খুব কম ক্ষেত্রেই চেকের টাকা আর দেনমোহরের টাকা পরিশোধ করে দেয়া ছাড়া বিবাদী বা আসামীর আর কোন উপায় থাকেনা। কাজেই, স্বাক্ষর করা চেক রাখুন।
৩। জামানত নিন
ধরুন কেউ ২০ হাজার টাকা ধার চাইলো। বিনিময়ে সে একই মূল্যের কোন জিনিস জামানত দিতে চাচ্ছে, নির্ধিদায় জামানত নিন। যদিও ব্যাপারটা শোভনীয় না তবুও নিরাপদ অনেক। জামানত গ্রহণে কখনো ইতস্তত বোধ করবেন না।
আইনানুগ ব্যবস্থা নিবেন যেভাবে
পাওনা টাকা উদ্ধারের জন্য আপনাকে দেওয়ানী আদালতে মামলা করতে হবে। একজন আইনজীবী এ কাজে আপনাকে সাহায্য করবেন। দেওয়ানী আদালতে পাওনা টাকা ফেরত পেতে আপনাকে মানি স্যুট বা অর্থের মামলা করতে হবে। মামলার আগে একটি উকিল নোটিশ দিলে অনেক সময় আদালতে না গিয়েই টাকা আদায় হয়।
অন্যদিকে শুরু থেকেই প্রতারণার উদ্দেশ্যে টাকা নেওয়া হলে বা বিশ্বাস ভঙ্গ করে টাকা আত্মসাৎ করা হলে দণ্ডবিধির ৪০৬ বা ৪২০ ধারায় ফৌজদারী আদালতে মামলা করতে পারেন। শুধু ধার শোধ না করা সাধারণত দেওয়ানি বিরোধ, তাই প্রতারণার উপাদান না থাকলে উচ্চ আদালত এমন ফৌজদারি মামলা বাতিল করে দেন। ফৌজদারী মামলায় আপনাকে আদালত সরাসরি টাকা প্রদান করবেনা, আসামীর জেল-জরিমানা হবে। আসামী জেল-জরিমানা থেকে বাঁচতে আপোষে পাওনা পরিশোধ করে থাকে।
আবার, মামলা করলেই টাকা ফেরত পাবেন, তা কিন্তু নয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলা প্রমাণ করতে হবে আপনাকে।
পাওনা টাকা আদায়ের আইনি পথ এক নজরে
| পথ | কখন প্রযোজ্য | সময়সীমা | ফলাফল |
|---|---|---|---|
| উকিল নোটিশ | সব ক্ষেত্রে প্রথম ধাপ হিসেবে | নোটিশে উল্লেখিত সময় (সাধারণত ৭ থেকে ৩০ দিন) | অনেক সময় আপোষে টাকা আদায় হয় |
| চেকের মামলা | স্বাক্ষরিত চেক ডিজঅনার হলে | ডিজঅনারের তথ্য পাওয়ার ৩০ দিনের মধ্যে নোটিশ | সাজা ও অর্থদণ্ড, অর্থদণ্ড থেকে চেকের টাকা পাওয়া যায় |
| অর্থ আদায়ের দেওয়ানি মামলা (মানি স্যুট) | চুক্তি, রসিদ বা অন্য প্রমাণ থাকলে | ঋণ দেওয়ার তারিখ থেকে ৩ বছর (তামাদি আইন, অনুচ্ছেদ ৫৭) | আদালত টাকা পরিশোধের ডিক্রি দেন |
| প্রতারণা বা আত্মসাতের ফৌজদারি মামলা | শুরু থেকেই প্রতারণা বা বিশ্বাস ভঙ্গ হলে | দ্রুত করা ভালো | আসামির সাজা হয়, টাকা সরাসরি ফেরত হয় না |
পাওনা টাকার মামলায় যেসব প্রমাণ কাজে আসে
- স্ট্যাম্পে করা চুক্তিপত্র বা অঙ্গীকারনামা
- স্বাক্ষরিত চেক ও ডিজঅনার স্লিপ
- ব্যাংক ট্রান্সফার বা মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিবরণী
- টাকা দেওয়ার সময় উপস্থিত সাক্ষীর নাম-ঠিকানা
- দেনাদার টাকা নেওয়ার কথা স্বীকার করেছে এমন মেসেজ বা ইমেইল
- উকিল নোটিশ, ডাক রশিদ ও প্রাপ্তি স্বীকার কার্ড
- দেনাদারের জাতীয় পরিচয়পত্রের কপি ও সঠিক ঠিকানা
শেষ কথা
ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমন কি সে মৃত্যু যদি শহীদি মৃত্যু হয় তবুও। এজন্য রাসুলুল্লাহ (সা:) মৃত ব্যক্তির সম্পদ তার উত্তরাধিকারদের মধ্যে বণ্টনের আগে সর্ব প্রথম মৃতের ঋণ পরিশোধ করার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন।
কেননা, আল্লাহ্র পথে শহীদ হওয়া ব্যক্তিও তার ঋণের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। (মুসনাদ আহমাদ, হাদিস: ২২৪৯৩)।
পাওনা টাকা আদায় নিয়ে সচরাচর জিজ্ঞাসা
কাগজপত্র ছাড়া টাকা ধার দিলে কি মামলা করা যায়?
যায়। সাক্ষী, ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন এবং দেনাদারের স্বীকারোক্তিমূলক মেসেজ প্রমাণ হিসেবে কাজে আসে। তবে লিখিত চুক্তি থাকলে মামলা অনেক সহজ হয়।
পাওনা টাকার মামলা কত দিনের মধ্যে করতে হয়?
তামাদি আইন অনুযায়ী ধার দেওয়া টাকার জন্য ঋণ দেওয়ার তারিখ থেকে ৩ বছরের মধ্যে দেওয়ানি মামলা করতে হয়। চুক্তিতে ফেরতের তারিখ থাকলে হিসাব ভিন্ন হতে পারে।
প্রতারণার মামলা করলে কি টাকা ফেরত পাব?
ফৌজদারি মামলায় আদালত আসামির সাজা দেন, টাকা সরাসরি ফেরত দেওয়ার আদেশ দেন না। টাকা ফেরত পেতে সাধারণত দেওয়ানি মামলা বা চেকের মামলা বেশি কার্যকর।
চেক নিয়ে টাকা ধার দিলে কী সুবিধা?
চেক ডিজঅনার হলে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা করা যায়। এতে অর্থদণ্ড থেকে চেকের টাকা পাওয়ার সুযোগ থাকে।
পাওনা টাকা আদায়, উকিল নোটিশ বা অর্থ আদায়ের মামলার জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।
