জমি কেনার আগে যাচাই না করে টাকা দিলে কী ঘটতে পারে, তা একটা বাস্তব ঘটনা দিয়ে শুরু করি। এরপর ধাপে ধাপে দেখাব নিরাপদ ও নিষ্কণ্টক জমি ক্রয়-বিক্রয়ে কোন ২৫টি বিষয় যাচাই করা আবশ্যক, কোন অফিসে বা কোন অনলাইন সেবায় তা মিলিয়ে দেখবেন এবং কোন কাগজগুলো হাতে রাখতে হবে।
একটি বাস্তব ঘটনা: রাজিব সাহেবের জমি কেনা
রাজিব সাহেব দীর্ঘ ১২ বছর বাড্ডায় থেকে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রী গত বছর সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। দুজনের জমানো টাকায় একখণ্ড জমি কিনে বাড়ি বানিয়ে বাকি জীবনটা সন্তানদের নিয়ে নিজের ছাদের নিচে কাটাতে চেয়েছিলেন।
জীবনের শেষ ইচ্ছেটা পূরণ করতে জমিও কিনে ফেলেছেন। পানির দামে পেয়েছেন, তাই কষ্ট হলেও বাজেটের চেয়ে আরও ২ কাঠা বেশি নিয়েছেন। গত সোমবার রেজিস্ট্রেশনের কথা ছিল। বিক্রেতা এলাকার ঘনিষ্ঠ বড় ভাই, তাই টাকার সিংহভাগ আগেই পরিশোধ করে দিয়েছেন। আসলে বিক্রেতার টাকার অনেক তাড়া ছিল।
সকাল সকাল নাস্তা সেরে স্ত্রীকে নিয়ে পৌঁছালেন সাব-রেজিস্ট্রি অফিসে, বিক্রেতার দেখা নেই। দুপুরের দিকে ভদ্রলোক এলেন। সাব-রেজিস্ট্রার দলিলের তফসিল দেখে বললেন, “এটা তো খাস খতিয়ানের জমি, সরকারের জমি। আপনি বিক্রি করবেন কীভাবে? কোর্টের রায় বা ডিক্রি আছে?”
এরপর শুরু হলো বিক্রেতার তালবাহানা। এ ধরনের প্রতারণা ও হয়রানির ঘটনা সমাজের প্রায় প্রতিটি কোণে ঘটছে। আদালতে জমির মামলা বাড়ছে, তবু মানুষের মাঝে সতর্কতা বাড়ছে না। ভূমি অফিস, এসি ল্যান্ড অফিস সচেতনতামূলক পোস্টার টানিয়ে রাখছে, তবু অসাধু চক্রের কৌশল থামছে না। তাই টাকা দেওয়ার আগে কাগজ যাচাই করাই একমাত্র নিরাপদ পথ।
জমি কেনার আগে যাচাই করবেন যে ২৫টি বিষয়
নিরাপদ ও নিষ্কণ্টক জমি ক্রয়-বিক্রয়ে নিচের বিষয়গুলো সূক্ষ্মভাবে যাচাই করা আবশ্যক:
- বিক্রেতার মালিকানা সঠিক আছে কি না
- সম্পত্তিতে বিক্রেতার দখল আছে কি না
- সর্বশেষ রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নম্বর সঠিক আছে কি না
- হাল রেকর্ড ও সাবেক রেকর্ডের মধ্যে মিল রয়েছে কি না
- হিস্যা মোতাবেক বিক্রেতার প্রাপ্য অংশ সঠিক আছে কি না
- সম্পত্তিটি রেন্ট সার্টিফিকেট মামলায় জড়িত কি না
- হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ আছে কি না
- বিক্রেতার নামে নামজারি করা আছে কি না
- অর্পিত, পরিত্যক্ত বা অধিগ্রহণকৃত সম্পত্তি কি না
- সরকারি কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি কি না
- নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীর সম্পত্তি হলে জেলা প্রশাসকের “বিক্রয় অনুমতিপত্র” আছে কি না
- খাস জমি কি না
- বিক্রিত জমিতে সরকারি কোনো স্বার্থ জড়িত আছে কি না
- সর্বসাধারণের ব্যবহার্য বা পাবলিক ইজমেন্ট সম্পত্তি কি না
- নাবালকের সম্পত্তি কি না
- নাবালকের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে আইনগত অভিভাবক বা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক আছে কি না
- বিক্রেতা উত্তরাধিকারসূত্রে পেলে নিবন্ধিত বণ্টননামা দলিল আছে কি না
- হিন্দু কন্যা সন্তান বা বিধবা স্ত্রীর “জীবন স্বত্ব” শর্তে প্রাপ্ত সম্পত্তি কি না
- সম্পত্তি বিক্রয় বা হস্তান্তরে আদালতের নিষেধাজ্ঞা আছে কি না
- সমর্পিত বা বিক্রেতার ৬০/১০০ বিঘা সিলিং বহির্ভূত সম্পত্তি কি না
- নকশা মোতাবেক জমির অবস্থান ও পরিমাণ সঠিক আছে কি না
- দলিলে বর্ণিত তফসিল অনুযায়ী রেকর্ড সঠিক আছে কি না
- সম্পত্তি বন্ধক দেওয়া আছে কি না
- বিক্রেতা আগে কারও সাথে বায়না বা বিক্রয় চুক্তি করেছেন কি না
- বিক্রেতার দেখানো খতিয়ান ও দলিল সংশ্লিষ্ট ভূমি অফিসে রক্ষিত রেকর্ডের সাথে মেলে কি না
জমি কেনার আগে যাচাই: কোন বিষয় কোথায় দেখবেন
শুধু বিক্রেতার দেওয়া ফটোকপি দেখে সিদ্ধান্ত নেবেন না। প্রতিটি কাগজ মূল উৎস থেকে মিলিয়ে নিন। কাজের সুবিধার জন্য নিচে মূল বিষয়গুলো অফিস ও উৎস অনুযায়ী সাজিয়ে দিলাম:
| যাচাইয়ের বিষয় | কোথায় যাচাই করবেন | কী দেখবেন |
|---|---|---|
| মালিকানা ও দলিলের ধারাবাহিকতা | সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস (তল্লাশি ও সার্টিফায়েড কপি) | বায়া দলিল থেকে বর্তমান দলিল পর্যন্ত চেইন ঠিক আছে কি না |
| খতিয়ান ও দাগ নম্বর | ভূমি অফিস, ই-পর্চা (eporcha.gov.bd) | সিএস, এসএ, আরএস ও হাল খতিয়ানে নাম ও দাগের মিল |
| নামজারি | উপজেলা বা সার্কেল ভূমি অফিস, ই-নামজারি পোর্টাল | বিক্রেতার নামে নামজারি ও ডিসিআর আছে কি না |
| ভূমি উন্নয়ন কর | ইউনিয়ন বা পৌর ভূমি অফিস, ldtax.gov.bd | হাল সন পর্যন্ত খাজনা পরিশোধ ও বকেয়া আছে কি না |
| খাস, অর্পিত বা অধিগ্রহণ | এসি ল্যান্ড অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় (এলএ শাখা) | সরকারি তালিকা, ভিপি বা অধিগ্রহণ গেজেটে জমিটি আছে কি না |
| মামলা ও নিষেধাজ্ঞা | সংশ্লিষ্ট দেওয়ানি আদালত ও ভূমি জরিপ ট্রাইব্যুনাল | চলমান মামলা, ইনজাংশন বা ডিক্রি আছে কি না |
| বন্ধক | সাব-রেজিস্ট্রি অফিস ও সংশ্লিষ্ট ব্যাংক | বন্ধকী দলিল বা ব্যাংক লোনে জমিটি আটকে আছে কি না |
| অবস্থান ও পরিমাণ | মৌজা ম্যাপ, সরেজমিন পরিদর্শন ও আমিন দিয়ে মাপ | নকশার সাথে জমির সীমানা ও পরিমাণ মেলে কি না |
কোন কাগজ কোন অফিসে পাবেন, তা বিস্তারিত জানতে পড়ুন: জমির দলিল, খতিয়ান, নকশা, মৌজা ম্যাপ কোনটা কোন অফিসে পাবেন।
জমি কেনার আগে যাচাইয়ের জন্য যেসব কাগজপত্র সংগ্রহ করবেন
- বিক্রেতার মূল দলিল ও সকল বায়া দলিল (অন্তত ২৫ থেকে ৩০ বছরের চেইন)
- সিএস, এসএ, আরএস ও সর্বশেষ জরিপের খতিয়ানের সার্টিফায়েড কপি
- বিক্রেতার নামে নামজারি খতিয়ান ও ডিসিআর
- হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা
- মৌজা ম্যাপ বা নকশা
- উত্তরাধিকারসূত্রে পেলে ওয়ারিশ সনদ ও নিবন্ধিত বণ্টননামা
- বিক্রেতার জাতীয় পরিচয়পত্র ও ছবি
- আমমোক্তারের মাধ্যমে বিক্রি হলে নিবন্ধিত পাওয়ার অব অ্যাটর্নি দলিল
- প্রয়োজনে সাব-রেজিস্ট্রি অফিস থেকে তল্লাশি (সার্চ) রিপোর্ট
দলিল আসল কি না, তা বোঝার কৌশল জানতে পড়ুন জাল দলিল চেনার উপায় ও প্রতিকার।
শেষ কথা
উপরের বিষয়গুলো ভালোভাবে বিশ্লেষণ করেই জমি কিনতে হবে। কাগজপত্র না বুঝলে টাকা দেওয়ার আগে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন, তারপর জমি কেনার দিকে এগোন। মনে রাখবেন, জমি কেনার আগে যাচাই শেষ করতে হবে বায়নার টাকা দেওয়ার আগেই, রেজিস্ট্রির দিনে নয়।
জমি কেনার আগে যাচাই নিয়ে সচরাচর জিজ্ঞাসা
জমি কেনার আগে যাচাই করতে কত দিন লাগে?
কাগজপত্র সম্পূর্ণ থাকলে সাধারণত ৫ থেকে ৭ কার্যদিবসে খতিয়ান, নামজারি, খাজনা ও দলিলের চেইন যাচাই করা যায়। পুরোনো রেকর্ড বা মামলা থাকলে সময় বেশি লাগে।
অনলাইনে খতিয়ান দেখলেই কি যাচাই শেষ?
না। অনলাইন খতিয়ান প্রাথমিক ধারণা দেয়। ভূমি অফিসের রেকর্ড, দলিলের চেইন, দখল এবং মামলার তথ্য আলাদাভাবে মিলিয়ে দেখতে হয়।
নামজারি ছাড়া জমি কেনা কি নিরাপদ?
বিক্রেতার নামে নামজারি না থাকলে ঝুঁকি বেশি। বর্তমানে সাধারণত বিক্রেতার নামজারি ছাড়া দলিল রেজিস্ট্রি করা যায় না, তাই আগে নামজারি নিশ্চিত করুন।
বায়না করার আগে কী কী দেখা উচিত?
মালিকানা, দখল, খতিয়ান, নামজারি, খাজনা, বন্ধক ও মামলার তথ্য বায়নার আগেই যাচাই করুন। বায়নাপত্র রেজিস্ট্রি করে নিন।
খাস জমি চেনার উপায় কী?
খতিয়ানের মালিকের ঘরে সরকারের নাম বা “খাস” লেখা থাকলে সেটি খাস জমি। এসি ল্যান্ড অফিসের খাস জমির তালিকায় দাগ নম্বর মিলিয়ে নিশ্চিত হওয়া যায়।
জমি বা ফ্ল্যাট কেনার আগে কাগজপত্র যাচাই করাতে চাইলে Ain Bisharod-এর প্রপার্টি ভেরিফিকেশন সেবা দেখুন অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।
