Deed and registration 1 min read

জাল দলিল চেনার উপায় ও প্রতিকার

জমি নিয়ে প্রতারণার সবচেয়ে প্রচলিত হাতিয়ার জাল দলিল। মালিকের মৃত্যুর পর বা মালিক বিদেশে থাকার সুযোগে হঠাৎ একটি দলিল হাজির করে জমি দাবি করা হয়। এই লেখায় জাল দলিল চেনার উপায়, কোথায় মিলিয়ে দেখবেন এবং জাল দলিলের দেওয়ানি ও ফৌজদারি প্রতিকার কী, তা তুলে ধরলাম।

একটি ঘটনা দিয়ে শুরু করি

দবির সাহেব গ্রামের মধ্যবিত্ত মানুষ। বাসচাপা পড়ে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রোকেয়াকে রেখে আকস্মিক মারা যান। মৃত্যুর কিছুদিন পর তার আপন ছোট ভাই এসে দাবি করেন, মৃত্যুর আগে দবির সাহেব তার কাছে পূর্ব পাশের কলাবাগান ও আমবাগান বিক্রি করে গেছেন। এই মর্মে তিনি একটি দলিলও দেখান, যা দেখে দবির সাহেবের পরিবার হতবাক হয়ে যায়।

জাল দলিল কী?

জাল দলিল বলতে ভুয়া তথ্য ও মিথ্যার আশ্রয় নিয়ে তৈরি করা কোনো দলিলকে বোঝায়। এটি দেখতে আসল দলিলের মতো হলেও এর কোনো বৈধ অস্তিত্ব থাকে না। মূলত প্রতারণার উদ্দেশ্যেই এই দলিল তৈরি করা হয়।

জাল দলিল চেনার উপায়

  1. দলিলের তারিখ, কাগজ, সিল ইত্যাদি ভালো করে যাচাই করুন।
  2. কোনো দলিল নিয়ে সন্দেহ হলে সাব-রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত বালাম বইয়ের দলিলের সাথে মিলিয়ে নিন।
  3. দলিলে ব্যবহৃত স্ট্যাম্পের পেছনে কোন ভেন্ডারের কাছ থেকে, কার নামে স্ট্যাম্প কেনা হয়েছে, খেয়াল করুন। প্রতিটি স্ট্যাম্পের পেছনে একটি ক্রমিক নম্বর থাকে। নম্বরটি ঠিক আছে কি না, প্রয়োজনে স্ট্যাম্প বিক্রেতার সাথে দেখা করে যাচাই করুন।
  4. সম্প্রতি সম্পাদিত কোনো বিক্রয় দলিল হলে দলিল লেখকের নাম-ঠিকানা জেনে সরাসরি কথা বলে দলিল সম্পর্কে জেনে নিন।
  5. দলিল বিষয়ে অভিজ্ঞ কোনো আইনজীবী বা দলিল লেখকের সাহায্য নিন।

অপরাধী নিজের অজান্তেই অপরাধের সময় অনেক সূত্র রেখে যায়। দলিলের এসব বিষয় বুঝতে অভিজ্ঞতা আবশ্যক।

জাল দলিল যাচাই: কী দেখবেন, কোথায় মেলাবেন

যা দেখবেনসন্দেহের লক্ষণকোথায় মেলাবেন
দলিল নম্বর ও বালামনম্বর বা সালের সাথে বালাম বইয়ের মিল নেইসাব-রেজিস্ট্রি অফিস বা জেলা রেকর্ড রুম
স্ট্যাম্পক্রমিক নম্বর, ভেন্ডার বা ক্রয়ের তারিখ অসংগতস্ট্যাম্প ভেন্ডারের রেজিস্টার
দাতার স্বাক্ষর ও টিপসইঅন্য দলিলের স্বাক্ষরের সাথে অমিলপুরোনো দলিল, প্রয়োজনে হস্তলিপি বিশেষজ্ঞ
তারিখদাতা ওই তারিখে দেশে ছিলেন না বা অসুস্থ ছিলেনপাসপোর্ট, হাসপাতালের কাগজ
খতিয়ান ও নামজারিদলিলের তফসিলের সাথে রেকর্ডের মিল নেইই-পর্চা ও ভূমি অফিস
দলিল লেখক ও সাক্ষীদলিল লেখকের লাইসেন্স বা সাক্ষীর অস্তিত্ব নেইসাব-রেজিস্ট্রি অফিস

জাল দলিলের প্রতিকার কী?

১। দেওয়ানি আদালতে দলিল বাতিলের মামলা

জাল দলিল সম্পর্কে জানার সাথে সাথে তা বাতিলের জন্য দেওয়ানি আদালতে মামলা করতে হবে। মনে রাখবেন, যার স্বার্থ আছে কেবল তিনিই দলিল বাতিলের মামলা করতে পারবেন। তামাদি আইন, ১৯০৮-এর প্রথম তফসিলের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী দলিল সম্পর্কে জানার তিন বছরের মধ্যে দলিল বাতিলের মোকদ্দমা করতে হবে, নয়তো মামলা তামাদি হয়ে যাবে। তবে তামাদি হয়ে গেলেও সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারা অনুযায়ী ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে ভিন্নভাবে প্রতিকার পাওয়ার সুযোগ আছে। দলিল বাতিলের অন্যান্য কারণ জানতে পড়ুন দলিল বাতিল হওয়ার বিভিন্ন কারণ।

আদালত সকল দলিলাদি পর্যালোচনা করে দলিল বাতিলের রায় ও ডিক্রি দিলে ডিক্রির একটি কপি সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে পাঠাতে হবে। এরপর রেজিস্ট্রি অফিস ওই কপির আলোকে দলিল বাতিলের বিষয়টি সংশ্লিষ্ট বালাম বইয়ে লিপিবদ্ধ করবে।

২। ফৌজদারি মামলা

জাল দলিল তৈরিকারীদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে দণ্ডবিধির ৪০৬, ৪২০ এবং ৪৬৩ থেকে ৪৭৩ ধারায় মামলা করা যায়। এছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৫ ধারায় জাল দলিল সৃজন বা সম্পাদনের পর দলিল পরিবর্তনকে অপরাধ হিসেবে গণ্য করে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বিচারক চাইলে মামলা সরাসরি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন, তদন্ত বা গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারেন। দলিল জালিয়াতির মামলা জটিল প্রকৃতির, তাই শুরু থেকেই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন।

প্রতিকারআইনসময়সীমা বা শাস্তি
দলিল বাতিলের মামলাসুনির্দিষ্ট প্রতিকার আইন, ধারা ৩৯জানার ৩ বছরের মধ্যে (তামাদি আইন, অনুচ্ছেদ ৯১)
ঘোষণামূলক মামলাসুনির্দিষ্ট প্রতিকার আইন, ধারা ৪২স্বত্ব অস্বীকারের পর নির্ধারিত সময়ে
ফৌজদারি মামলাদণ্ডবিধি, ধারা ৪০৬, ৪২০, ৪৬৩ থেকে ৪৭৩অপরাধ অনুযায়ী
ভূমি অপরাধের মামলাভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩, ধারা ৫সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড

জাল দলিলের মামলায় যেসব কাগজপত্র লাগে

  • আপনার মালিকানার মূল দলিল ও বায়া দলিল
  • বিতর্কিত দলিলের সার্টিফায়েড কপি
  • সিএস, এসএ, আরএস ও হাল খতিয়ানের সার্টিফায়েড কপি
  • নামজারি খতিয়ান, ডিসিআর ও খাজনার দাখিলা
  • ওয়ারিশ হলে মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ
  • দাতা ওই তারিখে অনুপস্থিত থাকলে পাসপোর্ট বা অন্য প্রমাণ
  • দখলের প্রমাণ, যেমন ছবি, সাক্ষী বা বিল

জাল দলিল নিয়ে সচরাচর জিজ্ঞাসা

জাল দলিল বাতিলের মামলা কত দিনের মধ্যে করতে হয়?

দলিল সম্পর্কে জানার তারিখ থেকে তিন বছরের মধ্যে দেওয়ানি আদালতে দলিল বাতিলের মামলা করতে হয়। সময় পার হলে ঘোষণামূলক মামলার পথ খোলা থাকে।

জাল দলিল কীভাবে যাচাই করব?

সাব-রেজিস্ট্রি অফিসের বালাম বইয়ের সাথে দলিল নম্বর, তারিখ ও তফসিল মিলিয়ে দেখুন। স্ট্যাম্পের ক্রমিক নম্বর, দাতার স্বাক্ষর ও খতিয়ানের সাথে মিল যাচাই করুন।

জাল দলিল তৈরির শাস্তি কী?

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৫ ধারায় সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। দণ্ডবিধির জালিয়াতির ধারাতেও মামলা করা যায়।

জাল দলিলে নামজারি হয়ে গেলে কী করব?

দলিল বাতিলের মামলার পাশাপাশি নামজারি বাতিলের জন্য এসি ল্যান্ডের আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে পারেন।

জমি কেনার আগে জাল দলিল থেকে বাঁচব কীভাবে?

বায়নার আগেই দলিলের চেইন, খতিয়ান, নামজারি, খাজনা ও দখল যাচাই করুন। প্রয়োজনে আইনজীবী দিয়ে তল্লাশি করান।

জাল দলিল যাচাই, দলিল বাতিলের মামলা বা ভূমি অপরাধের মামলায় আইনি সহায়তার জন্য Ain Bisharod-এর জমি সংক্রান্ত বিরোধে আইনি সহায়তা দেখুন অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এই বিষয়ে আরও পড়ুন

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature. Watch his property law videos on <a href="https://www.youtube.com/channel/UCv3PBDuEpIZcWjXWwGxByMQ" target="_blank" rel="noopener">YouTube</a>.

View All Articles by Author