বাংলাদেশের আদালতে যত মামলা আছে, তার বড় একটি অংশ জমিজমাকে কেন্দ্র করে। জমি কিনে প্রতারিত হওয়া, জমি থেকে বেদখল হওয়া, জবরদখলের চেষ্টা, দলিল ও খতিয়ানের সমস্যা, ওয়ারিশি জমির বণ্টন এবং জমি নিয়ে মারামারির ঘটনায় ব্যাপক হারে মামলা হয়। এই লেখায় জমি বেদখল হলে কী করবেন, কোন মামলা কত দিনের মধ্যে করতে হয় এবং কী কাগজ লাগে, তা তুলে ধরলাম।
জমি বেদখল বলতে কী বোঝায়?
সম্পত্তি বেদখল বলতে প্রকৃত মালিক বা দখলদারকে তার জমির দখল থেকে জোর করে উচ্ছেদ করা, অথবা অবৈধভাবে সেখানে অন্য ব্যক্তির দখল প্রতিষ্ঠা করাকে বোঝায়। আমাদের দেশে লাখো মানুষের বৈধ মালিকানা থাকলেও প্রভাবশালীদের কারণে তাদের জমি অবৈধভাবে বেদখল হয়ে আছে।
বেদখল হওয়া জমি ফিরে পাওয়ার দুই উপায়
- স্থানীয় সালিশ-দরবারের মাধ্যমে
- আদালতে মামলা করে
জমি থেকে বেদখল হলে প্রাথমিকভাবে সালিশ-দরবারের মাধ্যমে দখল ফিরে পাওয়ার চেষ্টা করাই ভালো। কারণ:
- আর্থিক খরচ কম হবে।
- সময় কম লাগবে।
- দাপ্তরিক হয়রানি থেকে বাঁচবেন।
- মালিকানার সামাজিক স্বীকৃতি পাবেন।
সালিশে সমাধান না হলে বেদখলের বিষয়ে ফৌজদারি ও দেওয়ানি দুই ধরনের মামলাই করা যায়। মামলার বিষয়বস্তু ও কাগজপত্র দেখে আইনজীবী সিদ্ধান্ত নেন কোন মামলায় বাদী তার অধিকার ফিরে পাবেন।
ফৌজদারি আদালতে মামলা
ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার মামলা
জবরদখলকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ফৌজদারি মামলা করা হয়। এ ধরনের মামলাকে সবাই ১৪৫ মামলা বলে, কারণ ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় এটি দায়ের হয়। শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে ম্যাজিস্ট্রেট কে প্রকৃত দখলে আছেন, তা নির্ধারণ করেন। বেদখলের ২ মাসের মধ্যে মামলা করলে জোর করে দখলচ্যুত পক্ষকে দখলে আছেন বলে গণ্য করে দখল ফিরিয়ে দেওয়ার আদেশ হতে পারে। তবে ১৪৫ ধারার আদেশ মালিকানা নির্ধারণ করে না, শুধু দখল নিয়ে সাময়িক সমাধান দেয়। এ মামলা তুলনামূলক কম সময়ে নিষ্পত্তি হয়।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩
বৈধ মালিক না হয়েও কেউ জোর করে জমির দখল রাখলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৭ ধারায় তা অপরাধ, যার শাস্তি সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। এই আইনের অপরাধ আমলযোগ্য, তাই থানায় সরাসরি মামলা করা যায়।
দেওয়ানি আদালতে মামলা
জমি থেকে বেদখল হলে দেওয়ানি আদালতে বিভিন্ন ধরনের মামলা করা যায়। কোন মামলায় সুবিচার পাবেন, তা ঠিক করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ একজন আইনজীবীর কাছে যেতে হবে। মনে রাখবেন, দেওয়ানি মামলায় একজন দক্ষ আইনজীবী নিয়োগ করা সবচেয়ে জরুরি। নিজে গিয়ে আইনজীবীর সাথে সব বিষয়ে সরাসরি আলোচনা করবেন, কারণ আপনার জমির বিষয়ে আপনার চেয়ে ভালো কেউ জানবে না।
মালিকানা ছাড়া দখল উদ্ধারের মামলা (ধারা ৯)
দখলি জমি থেকে বেদখল হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করতে হয়। বেদখল হওয়ার তারিখ থেকে ৬ মাসের মধ্যে মামলা করতে হবে, ৬ মাস পার হলে মামলা তামাদি হয়ে যায়। এ মামলায় জমির মালিকানা কার, তা দেখা হয় না, সর্বশেষ কে দখলে ছিলেন তা বিবেচনা করা হয়। তবে সরকার কর্তৃক বেদখল হলে এ মামলায় প্রতিকার পাওয়া যায় না।
বৈধ মালিকানার ভিত্তিতে দখল উদ্ধারের মামলা (ধারা ৮)
সম্পত্তিতে বৈধ মালিকানা আছে এমন কেউ বেদখল হলে পরবর্তী ১২ বছরের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় দেওয়ানি আদালতে মামলা করে দখল পুনরুদ্ধার করতে পারেন। তবে এ মামলায় বাদীকে সম্পত্তিতে নিজের মালিকানা স্বত্ব প্রমাণ করতে হবে।
ঘোষণামূলক মামলা (ধারা ৪২)
ধরুন, আপনার জমিতে হঠাৎ প্রতিবেশী অংশ দাবি করছে, জোর করে দখল নিয়েছে বা নেওয়ার চেষ্টা করছে। এমন অবস্থায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় আদালত থেকে ঘোষণা নিতে পারেন যে আপনার দলিলে বর্ণিত জমিতে অন্য কারও অধিকার নেই, তাই দখলের চেষ্টাও অবৈধ। প্রয়োজনে এর সাথে নিষেধাজ্ঞার আবেদন করা যায়।
জমি বেদখল হলে কোন মামলা কখন
| মামলা | আইন | সময়সীমা | কী দেখা হয় |
|---|---|---|---|
| ১৪৫ ধারার মামলা | ফৌজদারি কার্যবিধি | বেদখলের ২ মাসের মধ্যে হলে দখল ফেরতের সুযোগ | প্রকৃত দখল |
| ভূমি অপরাধের মামলা | ভূমি অপরাধ আইন, ২০২৩, ধারা ৭ | অপরাধ সংঘটনের পর | অবৈধ দখল |
| দখল উদ্ধার (দখলভিত্তিক) | সুনির্দিষ্ট প্রতিকার আইন, ধারা ৯ | বেদখলের ৬ মাসের মধ্যে | সর্বশেষ দখল |
| দখল উদ্ধার (মালিকানাভিত্তিক) | সুনির্দিষ্ট প্রতিকার আইন, ধারা ৮ | বেদখলের ১২ বছরের মধ্যে | মালিকানা স্বত্ব |
| ঘোষণামূলক মামলা | সুনির্দিষ্ট প্রতিকার আইন, ধারা ৪২ | স্বত্ব অস্বীকারের পর নির্ধারিত সময়ে | স্বত্বের ঘোষণা |
বেদখলের মামলায় যেসব কাগজপত্র লাগে
- মালিকানার দলিল ও বায়া দলিল
- সিএস থেকে হাল পর্যন্ত খতিয়ান
- নামজারি খতিয়ান, ডিসিআর ও খাজনার দাখিলা
- মৌজা ম্যাপ বা নকশা
- দখলের প্রমাণ, যেমন ছবি, ভিডিও, বিদ্যুৎ বা পানির বিল
- বেদখলের তারিখের প্রমাণ, যেমন জিডির কপি বা সাক্ষী
- সালিশ হয়ে থাকলে তার সিদ্ধান্তের কপি
জমি বেদখল নিয়ে সচরাচর জিজ্ঞাসা
জমি বেদখল হলে প্রথমে কী করব?
বেদখলের তারিখ লিখে রাখুন, থানায় জিডি করুন, ছবি ও সাক্ষী সংরক্ষণ করুন এবং দ্রুত আইনজীবীর পরামর্শ নিন। ২ মাস ও ৬ মাসের সময়সীমা পার হতে দেবেন না।
মালিকানার কাগজ না থাকলেও কি দখল ফেরত পাওয়া যায়?
হ্যাঁ। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় বেদখলের ৬ মাসের মধ্যে মামলা করলে শুধু পূর্বের দখল প্রমাণ করেই দখল ফেরত চাওয়া যায়।
৬ মাস পার হয়ে গেলে কী করব?
বৈধ মালিকানা থাকলে বেদখলের ১২ বছরের মধ্যে ৮ ধারায় মালিকানাভিত্তিক দখল উদ্ধারের মামলা করতে পারেন।
জোর করে দখল কি থানায় মামলাযোগ্য?
হ্যাঁ। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৭ ধারায় অবৈধ দখল আমলযোগ্য অপরাধ, শাস্তি সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড।
সরকার জমি দখল করলে কী করব?
সরকারের বিরুদ্ধে ৯ ধারার মামলা চলে না। মালিকানা থাকলে ঘোষণামূলক বা দখল উদ্ধারের মামলা, অথবা প্রযোজ্য ক্ষেত্রে হাইকোর্টে রিট করা যায়।
জমি বেদখল, জবরদখলের চেষ্টা বা দখল উদ্ধারের মামলায় আইনি সহায়তার জন্য Ain Bisharod-এর জমি সংক্রান্ত বিরোধে আইনি সহায়তা দেখুন অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।
