Islamic Law 1 min read

ডিভোর্স দিলে কি দেনমোহর দিতে হয়? স্ত্রী তালাক দিলেও দেনমোহরের নিয়ম

দেনমোহরের সাথে তালাকের কোনো সম্পর্ক নেই। দেনমোহরের সম্পর্ক বিয়ের সাথে। বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই স্বামীর কাছে স্ত্রীর দেনমোহর পাওনা হয়ে যায়। তাই ডিভোর্স দিলে কি দেনমোহর দিতে হয়, এই প্রশ্নের সোজা উত্তর হলো, হ্যাঁ। পরবর্তীতে যে পক্ষই বৈবাহিক সম্পর্ক ছিন্ন করুক, স্ত্রীর দেনমোহরের পাওনা অবশ্যই শোধ করতে হবে।

জীবনের পথ কখনোই মসৃণ নয়। একসাথে পথ চলার স্বপ্ন ও সংকল্প নিয়েই প্রতিটি সম্পর্ক শুরু হয়। কিন্তু নানা প্রতিকূলতা কখনো মাঝপথে বাধা হয়ে দাঁড়ায়। ফলাফল, ডিভোর্স।

ডিভোর্সের পর দেনমোহর নিয়ে প্রচলিত ভুল ধারণা

ডিভোর্সের পর প্রথম যে বিষয়টি সামনে আসে, তা হলো দেনমোহর। আমাদের দেশে বেশিরভাগ বিয়েতে নগদে দেনমোহর পরিশোধ করা হয় না। তাই বিয়ের পর বরপক্ষ দেনমোহর ফাঁকি দেওয়ার সুযোগ খোঁজে, আর কনেপক্ষ খোঁজে দেনমোহর আদায়ের সুযোগ। কিছু মানুষ স্বেচ্ছায় বিয়ে বা তালাকের পরপর দেনমোহর দিয়ে দেন, তবে অনেকে তালবাহানা করতে থাকেন। আর যদি স্ত্রী তালাক দিয়ে থাকেন, তবে তো কথাই নেই। সবাই নানা যুক্তি দাঁড় করান যে স্ত্রী তালাক দিলে আবার দেনমোহর কিসের?

আমাদের দেশে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে স্ত্রী তালাক দিলে দেনমোহর পরিশোধ করতে হয় না। অনেকে জেনে, আবার অনেকে না জেনেই এমন সিদ্ধান্ত দিয়ে দেন। মূলত দেনমোহরের বিষয়টি ইসলামী আইনেই নির্দিষ্ট করা আছে, আর দেশের আইনও একই কথা বলে। মুসলিম বিবাহবিচ্ছেদ আইন, ১৯৩৯-এর ৫ ধারায় বলা হয়েছে, বিবাহবিচ্ছেদ যে কারণেই হোক, তা স্ত্রীর দেনমোহর প্রাপ্তির অধিকার ক্ষুণ্ণ করবে না। অনেকে আইন-আদালতের ভয়ে দেনমোহর শোধ করেন, অথচ আমাদের উচিত আল্লাহর বিধানকে সম্মান জানিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দেনমোহর পরিশোধ করা।

কে তালাক দিলে দেনমোহর কী হবে

তালাকের ধরনদেনমোহরইদ্দতকালীন খোরপোশ
স্বামী তালাক দিলেপুরো বকেয়া দেনমোহর দিতে হবেদিতে হবে
স্ত্রী অর্পিত ক্ষমতায় (তালাক-ই-তাফউইজ) তালাক দিলেপুরো বকেয়া দেনমোহর পাবেনপাবেন
আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদপুরো বকেয়া দেনমোহর পাবেনপাবেন
খুলা (পারস্পরিক সমঝোতায়)সমঝোতায় স্ত্রী স্বেচ্ছায় দেনমোহর ছাড় দিলে ততটুকু মাফ হয়, না দিলে পাবেনসমঝোতার শর্ত অনুযায়ী
স্বামীর মৃত্যুস্বামীর সম্পত্তি থেকে আগে দেনমোহর পরিশোধপ্রযোজ্য নয়, তবে উত্তরাধিকার পাবেন

তালাকের বিভিন্ন ধরন ও আইনগত কারণ জানতে পড়ুন ডিভোর্স দেওয়ার আইনসম্মত কারণসমূহ।

আদালতে মামলা-মোকদ্দমা

বেশিরভাগ নারী দেনমোহর আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হন। আদালতে মামলা-মোকদ্দমা করে বহু জটিলতার পর বরপক্ষ যখন দেখে দেনমোহর দেওয়া ছাড়া উপায় নেই, তখন পরিশোধ করে। যেহেতু দেনমোহর পরিশোধ করতেই হবে, তালাকের সাথে সাথে তা পরিশোধ করে দিলে দুই পক্ষেরই সুবিধা হয়। উভয়পক্ষের সম্পর্ক ভালো থাকে এবং হয়রানি থেকে বাঁচা যায়। মামলার ধাপ জানতে পড়ুন দেনমোহর আদায় করবেন কীভাবে।

তালাকের পর দেনমোহর ছাড়াও স্ত্রীর তিন মাসের ইদ্দতকালীন খোরপোশ এবং সন্তান থাকলে সন্তানের ভরণপোষণ দিতে হবে। যত যা-ই করুন, এ নিয়মের কোনো ছাড় নেই। টাকা আপনাকে দিতেই হবে, দুদিন আগে বা পরে। সন্তানের হেফাজত নিয়ে জানতে পড়ুন তালাকের পর সন্তান কার।

তালাকের পর দেনমোহর দাবিতে যেসব কাগজপত্র লাগে

  • কাবিননামা বা নিকাহনামার সার্টিফায়েড কপি
  • তালাকের নোটিশ ও তালাক রেজিস্ট্রির কপি
  • স্ত্রী ও স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি
  • দেনমোহর আংশিক পরিশোধ হয়ে থাকলে তার প্রমাণ
  • খুলা হয়ে থাকলে সমঝোতার লিখিত কাগজ
  • সন্তান থাকলে জন্ম নিবন্ধন সনদ

আমাদের পরামর্শ

আমাদের দেশে তালাকের হার বাড়ছে, কিন্তু সমাজে সচেতনতা সেভাবে বাড়ছে না। সংসারের অশান্তি থেকে রেহাই পেতে দুই পক্ষ তালাকের দিকে গেলেও তালাকের পর এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মামলা, অপবাদ আর অভিশাপ দিয়ে অশান্তি আরও বাড়িয়ে তোলে।

আমাদের কাছে যত ক্লায়েন্ট মামলা করতে আসেন, তাদের অনেকেই ক্ষোভ ও রাগের মাথায় নানা অভিযোগ নিয়ে আসেন, উদ্দেশ্য শুধু প্রতিপক্ষকে ঘায়েল করা। Ain Bisharod সবসময় এমন ক্রোধান্বিত মামলা-মোকদ্দমা নিরুৎসাহিত করে। শান্তিপূর্ণভাবে উভয়পক্ষ মিলে এসব বিষয় আপস করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

ডিভোর্স দিলে কি দেনমোহর দিতে হয়: সচরাচর জিজ্ঞাসা

স্ত্রী তালাক দিলে কি দেনমোহর দিতে হয়?

হ্যাঁ। স্ত্রী অর্পিত ক্ষমতায় তালাক দিলেও বা আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ হলেও বকেয়া দেনমোহর পরিশোধ করতে হয়। মুসলিম বিবাহবিচ্ছেদ আইন, ১৯৩৯-এর ৫ ধারা এই অধিকার রক্ষা করে।

খুলা তালাকে কি দেনমোহর পাওয়া যায়?

খুলা পারস্পরিক সমঝোতায় হয়। স্ত্রী স্বেচ্ছায় দেনমোহরের অংশ বা পুরোটা ছাড় দিলে ততটুকু মাফ হয়। ছাড় না দিলে দেনমোহর পাওনা থাকে।

তালাকের কত দিনের মধ্যে দেনমোহরের মামলা করতে হয়?

বিলম্বিত দেনমোহরের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের তারিখ থেকে ৩ বছরের মধ্যে পারিবারিক আদালতে মামলা করতে হয়।

তালাকের পর আর কী কী পাওনা থাকে?

দেনমোহরের পাশাপাশি তিন মাসের ইদ্দতকালীন খোরপোশ এবং সন্তান থাকলে সন্তানের ভরণপোষণ পাওনা থাকে।

দামি উপহার দিলে কি দেনমোহর শোধ হয়?

না। দেনমোহর হিসেবে দেওয়া হচ্ছে বলে স্পষ্ট না করলে উপহার দেনমোহর হিসেবে গণ্য হয় না।

তালাকের পর দেনমোহর, ইদ্দতকালীন খোরপোশ বা সন্তানের ভরণপোষণ নিয়ে পরামর্শের জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এই বিষয়ে আরও পড়ুন

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature. Watch his property law videos on <a href="https://www.youtube.com/channel/UCv3PBDuEpIZcWjXWwGxByMQ" target="_blank" rel="noopener">YouTube</a>.

View All Articles by Author