Islamic Law 1 min read

তালাকের পর সন্তান কার? হেফাজত, অভিভাবকত্ব ও ভরণপোষণ

বিবাহবিচ্ছেদের পর সবচেয়ে কষ্টের প্রশ্ন হলো, তালাকের পর সন্তান কার কাছে থাকবে। মুসলিম আইনে সন্তানের অভিভাবকত্ব আর হেফাজত (জিম্মাদারি) দুটি আলাদা বিষয়। এই লেখায় মা ও বাবার অধিকার, কোন বয়স পর্যন্ত সন্তান মায়ের কাছে থাকবে, মা কখন হেফাজত হারান এবং আদালত কীভাবে সিদ্ধান্ত নেন, তা তুলে ধরলাম।

তালাকের পর সন্তান কার: মা না বাবা?

মুসলিম আইন অনুযায়ী, বাবাই অপ্রাপ্তবয়স্ক সন্তানের আইনগত অভিভাবক, আর মা হচ্ছেন- সন্তানের জিম্মাদার। বিচ্ছেদ হলেও মা তার সন্তানের তত্ত্বাবধান করার ক্ষমতা হারান না। ছেলের ক্ষেত্রে সাত বছর বয়স পর্যন্ত এবং মেয়ে সন্তানের বয়ঃসন্ধি বয়স পর্যন্ত মা তাদের নিজের কাছে রাখতে পারবেন।

যদি আদালতের কাছে প্রতীয়মান হয় যে, সন্তান মায়ের হেফাজতে থাকলে তার শারীরিক ও মানসিক বিকাশ স্বাভাবিক হবে, সন্তানের কল্যাণ হবে এবং স্বার্থ রক্ষা পাবে- সেক্ষেত্রে আদালত মাকে ওই বয়সের পরেও সন্তানের জিম্মাদার নিয়োগ করতে পারেন।

তবে মা যদি দ্বিতীয় বিয়ে করেন, তাহলে সন্তানকে নিজের হেফাজতে রাখার ক্ষমতা হারাতে হতে পারে।মায়ের অগোচরে যদি বাবা জোরপূর্বক সন্তানকে নিজের হেফাজতে গ্রহণ করেন, সে ক্ষেত্রে বাবার বিরুদ্ধে অপহরণের মামলা পর্যন্ত দায়ের করা যাবে।

আদালত প্রয়োজন বোধ করলে সন্তানকে আলাদা করে বিচারক নিজের কাছে নিয়ে তার মতামত জেনে নিতে পারেন। আবার মা-বাবা পর্যায়ক্রমে সন্তানকে কাছে রাখা কিংবা একজনের কাছে থাকলে অন্যজনকে দেখা করার অনুমতিও দিয়ে থাকেন।

পারিবারিক আদালতে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সন্তানকে কাছে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ারও সুযোগ রয়েছে।

মা কখন সন্তানের জিম্মাদারি হারান?

১- নীতিহীন বা অশালীন জীবনযাপন করলে,

২- শিশুটির সাথে নিষিদ্ধ স্তরের আত্মীয় নন এমন কাউকে বিয়ে করলে (তবে সেই বিয়ে বিচ্ছেদ হলে অধিকার পুনর্জীবিত হয়),

৩- সন্তানের প্রতি অবহেলা করলে এবং দায়িত্ব পালনে অপারগ হলে,

৪- বিয়ে বহাল থাকা অবস্থায় বাবার বসবাসস্থল থেকে দূরে বসবাস করলে,

৫- যদি তিনি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করেন,

৬- যদি সন্তানের পিতাকে তার জিম্মায় থাকা অবস্থায় দেখতে না দেয়া হয়।

সন্তানের ভরণপোষণের দায়িত্ব কার?

বিচ্ছেদের পর সন্তান যদি মায়ের কাছেও থাকে, তবে সন্তানের ভরণপোষণের দায়িত্ব পুরোপুরি বাবার। অর্থাৎ মা-বাবার মধ্যে বিচ্ছেদ হলে কিংবা মা-বাবা আলাদা বসবাস করলে বাবাকেই সন্তানদের ভরণপোষণ করে যেতে হবে। ইচ্ছে করলে মা আলাদা থেকেও- বিয়েবিচ্ছেদ হোক বা না হোক, সন্তানের ভরণপোষণ আদায় করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পারিবারিক আদালতে মামলা করে ভরণপোষণের অধিকার আদায় করতে পারেন।

বাংলাদেশে পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ রহিত করে প্রণীত পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ৫ ধারা অনুযায়ী সন্তানের অভিভাবকত্ব ও হেফাজতের মামলা পারিবারিক আদালতে বিচার হয়। আর হেফাজত বা কাস্টডি প্রদানের ক্ষেত্রে আদালত কী কী বিবেচনা করবেন, সেগুলো গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট, ১৮৯০-এর ১৭ ধারায় বিস্তারিত বলা রয়েছে।

ওই ধারার বিধান মতে, নাবালক-নাবালিকা যে ধর্মীয় অনুশাসনের অধীন, সেই অনুশাসনের সাথে সামঞ্জস্য রেখে এবং তার সার্বিক কল্যাণের বিষয়টি বিবেচনা করে আদালত অভিভাবক নিয়োগ করবেন।

নাবালক-নাবালিকার কল্যাণ কী হবে, তা নির্ধারণ করা হবে নাবালক-নাবালিকার বয়স, লিঙ্গ, ধর্ম, প্রস্তাবিত অভিভাবকের চরিত্র, সামর্থ্য এবং নাবালকের সাথে নৈকট্য ও আত্মীয়তার সম্পর্ক, মৃত মা-বাবার কোনো ইচ্ছা (যদি থাকে) এবং প্রস্তাবিত অভিভাবক নাবালক-নাবালিকার সম্পত্তির বিষয়ে সম্পর্কযুক্ত কি না ইত্যাদি বিষয় বিবেচনা করে। এ বিষয়ে নাবালক-নাবালিকার কোনো বুদ্ধিদীপ্ত মতামত থাকলে আদালত সেই মতামতকে প্রাধান্য দেবেন।

সন্তানের হেফাজত এক নজরে

বিষয়মাবাবা
আইনগত ভূমিকাহেফাজতকারী বা জিম্মাদারআইনগত অভিভাবক
ছেলে সন্তান৭ বছর বয়স পর্যন্ত হেফাজত৭ বছরের পর হেফাজতের দাবি করতে পারেন
মেয়ে সন্তানবয়ঃসন্ধি পর্যন্ত হেফাজতএর পর হেফাজতের দাবি করতে পারেন
ভরণপোষণদায় নেইসম্পূর্ণ দায় বাবার
আদালতের ক্ষমতাসন্তানের কল্যাণে নির্ধারিত বয়সের পরও হেফাজত পেতে পারেনসন্তানের কল্যাণ বিবেচনায় হেফাজত হারাতে পারেন

সন্তানের হেফাজতের মামলা করবেন যেভাবে

  1. সন্তান যে এলাকায় বসবাস করে, সেই এলাকার পারিবারিক আদালতে হেফাজত বা অভিভাবকত্বের মামলা করুন।
  2. মামলার সাথে সন্তানের ভরণপোষণের দাবিও করা যায়।
  3. আদালত প্রথমে উভয় পক্ষের মধ্যে আপসের চেষ্টা করেন।
  4. আপস না হলে সাক্ষ্য, প্রয়োজনে সন্তানের মতামত শুনে আদালত সন্তানের কল্যাণ বিবেচনায় সিদ্ধান্ত দেন।
  5. যে পক্ষ হেফাজত পান না, তাকে সাধারণত সন্তানের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়।

হেফাজতের মামলায় যেসব কাগজপত্র লাগে

  • কাবিননামা বা নিকাহনামা
  • তালাকের নোটিশ ও তালাক রেজিস্ট্রির কপি
  • সন্তানের জন্ম নিবন্ধন সনদ
  • বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্র
  • সন্তানের স্কুল, চিকিৎসা ও খরচের কাগজ
  • আয়ের প্রমাণ (ভরণপোষণ দাবি করলে)

তালাকের পর সন্তানের হেফাজত নিয়ে সচরাচর জিজ্ঞাসা

তালাকের পর সন্তান কার কাছে থাকে?

মুসলিম আইনে ছেলে ৭ বছর এবং মেয়ে বয়ঃসন্ধি পর্যন্ত সাধারণত মায়ের হেফাজতে থাকে। তবে আদালত সন্তানের কল্যাণ বিবেচনায় ভিন্ন সিদ্ধান্ত দিতে পারেন।

মা দ্বিতীয় বিয়ে করলে কি সন্তান হারান?

শিশুর সাথে নিষিদ্ধ স্তরের আত্মীয় নন এমন কাউকে বিয়ে করলে মা হেফাজতের অধিকার হারাতে পারেন, তবে আদালত সন্তানের কল্যাণকেই প্রাধান্য দেন।

বাবা জোর করে সন্তান নিয়ে গেলে কী করব?

দ্রুত পারিবারিক আদালতে হেফাজতের মামলা করুন এবং প্রয়োজনে অন্তর্বর্তী আদেশ চান। পরিস্থিতি অনুযায়ী ফৌজদারি প্রতিকারও নেওয়া যায়।

সন্তানের ভরণপোষণ কে দেবে?

সন্তান মায়ের কাছে থাকলেও ভরণপোষণের পুরো দায় বাবার। না দিলে মা পারিবারিক আদালতে মামলা করতে পারেন।

আদালত কি সন্তানের মতামত নেন?

হ্যাঁ। সন্তান বুঝে মত দেওয়ার মতো বয়সী হলে আদালত আলাদাভাবে তার মতামত শুনে তা গুরুত্ব দেন।

সন্তানের হেফাজত, অভিভাবকত্ব বা ভরণপোষণের মামলায় পরামর্শের জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এই বিষয়ে আরও পড়ুন

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature. Watch his property law videos on <a href="https://www.youtube.com/channel/UCv3PBDuEpIZcWjXWwGxByMQ" target="_blank" rel="noopener">YouTube</a>.

View All Articles by Author