Deed and registration 1 min read

হেবা দলিল রেজিস্ট্রি এবং বাতিল করার নিয়ম

জীবিত অবস্থায় নিজের সম্পত্তি সন্তান, স্ত্রী বা নিকটাত্মীয়কে লিখে দিতে চাইলে সবচেয়ে প্রচলিত পথ হলো হেবা বা দানপত্র দলিল। এই লেখায় হেবা দলিল কখন ও কীভাবে করবেন, কাদের বরাবর ১০০ টাকা ফিতে রেজিস্ট্রি করা যায়, কী কাগজ লাগে এবং কখন হেবা দলিল বাতিল করা যায় বা যায় না, তা তুলে ধরলাম।

কখন হেবা দলিল করা হয়?

আব্দুল কাদির সাহেব ও হাসান সাহেব সহোদর দুই ভাই। কাদির সাহেবের সাথে হাসান সাহেব ও তার ছেলেদের সম্পর্ক ভালো না। কাদির সাহেবের একটি মাত্র মেয়ে। তাই তিনি চান, তার কষ্টার্জিত সম্পদের মালিক যেন মেয়ে একাই হতে পারে, এজন্য দলিল করে দিতে। কিন্তু কীভাবে সব সম্পত্তি শুধু মেয়েকে লিখে দেবেন, সে বিষয়ে তার কোনো ধারণা নেই। অন্যান্য ওয়ারিশ থাকা সত্ত্বেও সব সম্পদ কি শুধু মেয়েকে লিখে দেওয়া যাবে? জি, যাবে।

মুসলিম আইনে এর স্পষ্ট বিধান আছে। কেউ জীবিত অবস্থায় তার সম্পত্তি সম্পূর্ণভাবে কারও নামে লিখে দিতে চাইলে দানপত্র দলিলের মাধ্যমে সহজেই হেবা করে দিতে পারেন। আমাদের দেশে এটি দানপত্র নামে বেশি পরিচিত। দান শব্দের আরবি প্রতিশব্দ হেবা। কোনো অর্থ বা বিনিময় ছাড়া কোনো ব্যক্তি স্বেচ্ছায় যে দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করেন, তাকে হেবা দলিল বলে।

হেবা দলিল কীভাবে করতে হয়?

দানপত্রের প্রথম শর্ত হলো, দান করতে হবে কোনো কিছুর বিনিময় ছাড়া। অর্থ বা সুবিধার বিনিময়ে দান বৈধ নয়। তবে দানপত্রে দাতা গ্রহীতার উদ্দেশে বিশেষ কোনো শর্ত যুক্ত করতে পারেন।

অপরদিকে, দানপত্র দাতার স্বেচ্ছায় এবং স্বাধীন বিবেচনায় করতে হবে। হুমকি, ভয়ভীতি বা বলপ্রয়োগ করে দান করতে বাধ্য করলে সেই দান বৈধ হবে না এবং দলিল রেজিস্ট্রি হলেও পরে তা বাতিলযোগ্য হবে।

দান বৈধ হওয়ার তিনটি শর্ত

  1. দাতা কর্তৃক স্বেচ্ছায় হেবা বা দান করার ঘোষণা দেওয়া।
  2. গ্রহীতা কর্তৃক তার বরাবর দেওয়া দান গ্রহণের স্বীকৃতি।
  3. দাতা কর্তৃক গ্রহীতাকে দানকৃত সম্পত্তির বাস্তব দখল হস্তান্তর।

কাদের বরাবর দান বা হেবা করা যাবে

কার কার বরাবর কম খরচে দান করা যাবে, তার বিস্তারিত বলা হয়েছে রেজিস্ট্রেশন আইন, ১৯০৮-এর ধারা ৭৮এ(বি) দফায়। নিচের সম্পর্কের ব্যক্তিদের বরাবর দান করলে দলিলের রেজিস্ট্রেশন ফি মাত্র ১০০ টাকা:

আত্মীয় ও রক্ত সম্পর্কিত ব্যক্তিবর্গ

  1. স্বামী ও স্ত্রীর মধ্যে
  2. পিতা-মাতা ও সন্তানের মধ্যে
  3. ভাই-ভাই, বোন-বোন অথবা ভাই-বোনের মধ্যে
  4. দাদা-দাদি, নানা-নানি থেকে নাতি-নাতনির মধ্যে

অন্যদের এবং ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের বরাবর দান

দান দলিলের স্বাভাবিক রেজিস্ট্রেশন ফি পরিশোধ সাপেক্ষে যেকোনো ব্যক্তি, এমনকি নাবালকের বরাবরও দান করা যায়। আমাদের আশপাশে দেখা যায়, মানুষ পরকালের কথা চিন্তা করে মসজিদ ও মাদরাসায় জমি দান করেন। এ ধরনের দান সাধারণত ওয়াকফ হিসেবে গণ্য হয়। আবার জীবনস্বত্বে দান করলে গ্রহীতা কেবল আজীবন ভোগদখল করতে পারেন, বিক্রি বা হস্তান্তর করতে পারেন না।

গ্রহীতারেজিস্ট্রেশন ফিমন্তব্য
স্বামী বা স্ত্রী১০০ টাকাধারা ৭৮এ(বি) অনুযায়ী
পিতা-মাতা ও সন্তান১০০ টাকাধারা ৭৮এ(বি) অনুযায়ী
ভাই-বোন১০০ টাকাধারা ৭৮এ(বি) অনুযায়ী
দাদা-দাদি, নানা-নানি ও নাতি-নাতনি১০০ টাকাধারা ৭৮এ(বি) অনুযায়ী
অন্য যেকোনো ব্যক্তিস্বাভাবিক হারেদলিল মূল্যের উপর নির্ধারিত ফি ও কর
মসজিদ, মাদরাসা বা দাতব্য প্রতিষ্ঠানস্বাভাবিক হারেসাধারণত ওয়াকফ হিসেবে গণ্য

হেবা দলিল রেজিস্ট্রি করতে যেসব কাগজপত্র লাগে

  • দাতার মালিকানার মূল দলিল ও বায়া দলিল
  • দাতার নামে নামজারি খতিয়ান ও ডিসিআর
  • হালনাগাদ ভূমি উন্নয়ন করের দাখিলা
  • দাতা ও গ্রহীতার জাতীয় পরিচয়পত্র ও ছবি
  • সম্পর্কের প্রমাণ, যেমন জন্ম সনদ, নিকাহনামা বা ওয়ারিশ সনদ
  • হেবার ঘোষণাপত্র (দলিল লেখক বা আইনজীবী দিয়ে প্রস্তুত)
  • দুইজন সাক্ষীর জাতীয় পরিচয়পত্র

হেবা দলিল ও উইলের মধ্যে পার্থক্য

দান এবং উইল সম্পূর্ণ আলাদা বিষয়। উইল দাতার মৃত্যুর পর কার্যকর হয়। মুসলিম আইনে ওয়ারিশদের সম্মতি ছাড়া সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি উইল করা যায় না। অপরদিকে দানের ক্ষেত্রে সাথে সাথে দখল হস্তান্তর হয় এবং মালিকানা স্বত্ব তৈরি হয়। দানপত্র করার পর দখল হস্তান্তর হলে সাধারণত আর বাতিল করা যায় না। তাই জীবদ্দশায় নির্দিষ্ট কাউকে সম্পত্তি দিতে চাইলে উইলের চেয়ে দান বেশি সুবিধাজনক।

বিষয়হেবা দলিলউইল
কখন কার্যকরসম্পাদন, রেজিস্ট্রি ও দখল হস্তান্তরের সাথে সাথেদাতার মৃত্যুর পর
কতটুকু দেওয়া যায়সম্পূর্ণ সম্পত্তিওয়ারিশদের সম্মতি ছাড়া এক-তৃতীয়াংশ পর্যন্ত
রেজিস্ট্রেশনবাধ্যতামূলকবাধ্যতামূলক নয়
বাতিলদখল হস্তান্তরের পর সাধারণত নয়দাতা জীবদ্দশায় যেকোনো সময়

বাধ্যতামূলকভাবে হেবা দলিল রেজিস্ট্রি করতে হবে

হেবা দলিল সম্পাদনের পর সরকার নির্ধারিত ফি দিয়ে তা রেজিস্ট্রি করে নিতে হবে। ২০০৫ সালের ১ জুলাই থেকে হেবা দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। রেজিস্ট্রেশন ছাড়া দলিলের ভিত্তিতে স্বত্ব দাবি করা যাবে না। রেজিস্ট্রির পর গ্রহীতার নামে নামজারি করে নিন।

হেবা দলিল কি বাতিল করা যায়?

সম্পাদন ও রেজিস্ট্রেশনের পর ইচ্ছামতো হেবা দলিল বাতিল বা প্রত্যাহারের সুযোগ নেই। আদালতে দলিল বাতিলের মামলা করে রায় ও ডিক্রির মাধ্যমে বাতিল করাতে হয়। গ্রহীতা সম্পত্তির দখল বুঝে পাওয়ার পর সাধারণত তা বাতিল করা যায় না। তবে কিছু ব্যতিক্রম আছে।

হেবা দলিল কখন বাতিল করা যায়

দখল হস্তান্তরের আগে যেকোনো পর্যায়ে হেবা প্রত্যাহার করা সম্ভব, কারণ দখল হস্তান্তর না হলে দান সম্পূর্ণ হয় না। এছাড়া নিচের ক্ষেত্রে আদালতে দলিল বাতিল চাওয়া যায়:

  • দাতার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক দান করতে বাধ্য করলে
  • ভয়ভীতি বা প্রলোভন দেখিয়ে দান দলিল সম্পাদন করালে
  • দাতা মানসিকভাবে অসুস্থ থাকা অবস্থায় কৌশলে দান দলিল করালে
  • দানপত্রের শর্ত পালনে গ্রহীতা ব্যর্থ হলে
  • দখল হস্তান্তরের আগে দাতার মত পরিবর্তন হলে

কখন হেবা দলিল বাতিল করা যায় না

  • দাতা ও গ্রহীতা পরস্পর স্বামী-স্ত্রী হলে
  • হেবা গ্রহীতা মারা গেলে
  • উভয়ের মধ্যে বিবাহ নিষিদ্ধ রক্ত সম্পর্ক থাকলে
  • গ্রহীতা দানে পাওয়া সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করে ফেললে
  • সম্পত্তি বিলীন বা ধ্বংস হয়ে গেলে

হেবা দলিল নিয়ে সচরাচর জিজ্ঞাসা

হেবা দলিল কী?

হেবা দলিল একটি আইনি দলিল, যার মাধ্যমে একজন ব্যক্তি বিনিময় ছাড়া তার সম্পত্তি অন্য কাউকে দান করেন। এটি মুসলিম আইন অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের একটি পদ্ধতি।

হেবা দলিলের মাধ্যমে কী ধরনের সম্পত্তি হস্তান্তর করা যায়?

স্থাবর সম্পত্তি, যেমন জমি, বাড়ি বা ফ্ল্যাট এবং অস্থাবর সম্পত্তি, যেমন গয়না বা টাকা, উভয়ই হেবা করা যায়। স্থাবর সম্পত্তির হেবা অবশ্যই রেজিস্ট্রি করতে হয়।

হেবা দলিল তৈরির শর্ত কী?

দাতাকে সম্পত্তির বৈধ মালিক ও সুস্থ মস্তিষ্কের হতে হবে, গ্রহীতাকে দান গ্রহণ করতে হবে, দখল হস্তান্তর করতে হবে এবং দলিলে স্বাক্ষর ও সাক্ষী থাকতে হবে।

হেবা দলিল রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক?

হ্যাঁ। ২০০৫ সালের ১ জুলাই থেকে স্থাবর সম্পত্তির হেবা দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক। রেজিস্ট্রি না হলে এর ভিত্তিতে স্বত্ব দাবি করা যায় না।

হেবা দলিলে কত খরচ লাগে?

স্বামী-স্ত্রী, পিতা-মাতা-সন্তান, ভাই-বোন এবং দাদা-দাদি বা নানা-নানি ও নাতি-নাতনির মধ্যে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। এর বাইরে দলিল লেখা, নকল ও আনুষঙ্গিক খরচ আছে। অন্যদের বরাবর দানে স্বাভাবিক হারে ফি ও কর দিতে হয়।

হেবা দলিলের খসড়া, রেজিস্ট্রি বা হেবা নিয়ে ওয়ারিশদের বিরোধে আইনি সহায়তার জন্য Ain Bisharod-এর প্রপার্টি ল সার্ভিস দেখুন অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এই বিষয়ে আরও পড়ুন

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature. Watch his property law videos on <a href="https://www.youtube.com/channel/UCv3PBDuEpIZcWjXWwGxByMQ" target="_blank" rel="noopener">YouTube</a>.

View All Articles by Author