প্রবাসে থাকা অবস্থায় দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না হলে অনেকেই জানতে চান বিদেশ থেকে তালাক দেওয়া যায় কি না, এবং দিলে তা আইনসিদ্ধ হবে কি না। এই লেখায় দূতাবাসের মাধ্যমে বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি করে বিদেশ থেকে তালাক দেওয়ার ধাপ, প্রয়োজনীয় কাগজ, সময় এবং এই পদ্ধতির সীমাবদ্ধতা তুলে ধরলাম।
বিদেশ থেকে তালাক দেওয়া যাবে কি?
আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন, বিদেশ থেকে তালাক দেওয়া যাবে কিনা? আর তালাক দিলেই বা সেটা হবে আইনসিদ্ধ হবে কিনা? অথবা বিদেশ থেকে তালাক দেওয়ার আইনসিদ্ধ পদ্ধতি কি? এসব বিষয়ে জানতে চান। আজকের পোস্টে আমরা এ সমস্ত বিষয় নিয়ে বিস্তর আলোচনা করব।
আল্লাহ পাক স্বয়ং তালাককে অপছন্দ করেন যদিও তা হালাল এবং জায়েজ। বেশিরভাগ ক্ষেত্রে তালাকের অন্যতম কারণ হচ্ছে ধৈর্য্য এবং সহ্যের সর্বশেষ সীমা অতিক্রম করে যাওয়া অথবা বিবেক বহির্ভূত কোন ঘটনার উত্থান তা স্বামী বা স্ত্রী যেকোন পক্ষ থেকে হোক।
এছাড়াও তালাকের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন ও স্বামী-স্ত্রীর যোগাযোগের দূরত্ব, অতিরিক্ত জেদ, অহমিকা ইত্যাদি বিষয় প্রত্যক্ষ ভাবে দায়ী থাকে। প্রবাসে থাকা স্বামী/স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের কারন হিসাবে আমরা কর্ম অভিজ্ঞতায় নিম্ন বর্ণিত কারনগুলো লক্ষ্য করেছি।
(ক) পরস্পরের সহিত যোগাযোগ ও সানিধ্যতার ঘাটতি।
(খ) আল্লাহ ভীরুতা এবং ধর্মপরায়ণতার অভাব।
(গ) জীবন সঙ্গীর অবমূল্যায়ন করা।
(ঘ) এক বিলাসিতায় আসক্ত হওয়া এবং অন্য পক্ষ সে চাহিদা পূরনে অক্ষম হওয়া।
(ঙ) সব সময় সন্দেহের চোখে রাখা এবং তা সরাসরি অবজ্ঞার স্বরে স্ত্রীকে বা স্বামীকে বলা।
(চ) পরিবারের কারো কথায় প্রভাবিত হওয়া।
(ছ) আত্মনিয়ন্ত্রণে অক্ষমতা ও পর পুরুষ/ পর নারীতে আসক্ত হয়ে যাওয়া।
(জ) কম বয়সের মেয়েদের বিয়ে করা এবং বিয়ের পরবর্তীতে পর্যাপ্ত সময়, ভালবাসা, শারিরীক সংস্পর্শ হতে বঞ্চিত করে দীর্ঘ সময় দূরে থাকা।
উপরে উল্লেখিত কারণ ছাড়াও আরো বিভিন্ন কারণে প্রবাস হতে তালাক প্রদানের আবশ্যকতা তৈরি হতে পারে।
একান্ত জরুরী প্রয়োজনে বিদেশ থেকে তালাক প্রদান করার প্রয়োজন হলে আইনসিদ্ধ উপায়ে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে দেশে অবস্থানরত প্রতিনিধিকে আম-মোক্তারনামার মাধ্যমে তালাক দেয়ার প্রচলন আছে।
বিদেশ হতে তালাক প্রদানের পদ্ধতি
বিদেশ থেকে তালাক প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ এম্বাসীর মাধ্যমে বিশেষ পাওয়ার অফ এটর্নি দলিল সম্পাদন করতে হবে। বিশেষ পাওয়ার অব এটর্নী দলিলের মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত কোন ব্যক্তিকে প্রতিনিধি নিয়োগ করা যাবে তার পক্ষে তালাকনামায় সহি স্বাক্ষর এবং তালাক কার্যকরী করার যাবতীয় কার্যক্রম করার জন্য। সে ক্ষেত্রে যা যা করতে হবে তা নিন্মে বর্ণনা করা হলো-
১। আমমোক্তারনামা দলিল মুসাবিদাকরণ এবং বিদেশে প্রেরণ
তালাক প্রদানের ক্ষমতা অর্পনের জন্য বিদেশে অবস্থানরত পাওয়ারদাতা বরাবরে আমমোক্তার দলিলের মুসাবিদা পাওয়ার অব এ্যটর্নী আইন-২০১২ এর নির্ধারিত শর্ত মোতাবেক এবং নিদির্ষ্ট ফরমেটে ড্রাফট করতে হবে। দলিলে উভয়ের সুনির্দিষ্ট বিররণ ও পরিচিতি যেমন, এনআইডি তথ্য, ছবি, দাতা-গ্রহীতার সম্পর্ক এবং সুনির্দিষ্ট কাজের তালিকা উল্লেখ থাকতে হবে।
২। বিদেশে দলিল প্রেরণ:
বিশেষ পাওয়ার অব অ্যটর্নী দলিলটি প্রস্তুত করার পর তা কার্টিজ পেপারে প্রিন্ট করতে হবে এবং গ্রহীতার স্বাক্ষর সহ বিদেশে পাঠাতে হবে। যদিও কিছু দেশের এম্বাসি স্ট্যাম্প পেপারে ছাপা দলিল ও প্রত্যয়ন করে থাকে তবুও কার্টিজে প্রিন্ট করাই উত্তম। প্রিন্ট কপি কুরিয়ারে বিদেশে পাঠাতে হবে।
এছাড়া দলিলের সফট কপি পিডিএফ আকারে ইমেল করলে বিদেশ থেকে সেটি সাদা লিগাল সাইজ কাগজে প্রিন্ট করে নিলেও হবে। ইমেইলে দলিল প্রেরণ করলে গ্রহীতার স্বাক্ষর ব্যাতিরেকে পাঠাতে হবে এবং দেশে দলিল ফেরত আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন স্বাপেক্ষে গ্রহীতার স্বাক্ষর নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
৩। এম্বাসীতে দলিল দাখিল
বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল এম্বাসী অনলাইনে পূর্ব অ্যপয়েন্টমেন্ট গ্রহণ করে দলিল সত্যায়নের জন্য গ্রহণ করে। অ্যপয়েন্টমেন্ট এর তারিখে বিবাহ সংক্রান্ত প্রমাণাধী যেমন, ম্যারিজ সার্টিফিকেট বা কাবিননামা এবং আমমোক্তার গ্রহীতার ভোটার আইডি/পাসপোর্ট সহ উপস্থিত হতে হবে। সত্যায়ন সমাপ্ত হলে একসেট ফটোকপি এম্বাসীতে জমা দিতে হবে এবং দলিলের মূল কপি কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে বাংলাদেশে পাঠাতে হবে।
৪। পররাষ্ট্র মন্ত্রণালয় হতে ভেরিফিকেশন
আমমোক্তার দলিলের মূল কপি দেশে আসার পর তাহা সত্যায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় দাখিল করতে হবে। এম্বাসী কর্তৃক সত্যায়নের ৬০ দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এর দাখিল করতে হয়।
৫। ডিসি অফিস হতে আঠালো স্ট্যাম্প সংযুক্ত করণ
পররাষ্ট্র মন্ত্রণালয় হতে সত্যায়ন সম্পন্ন হওয়ার ১ মাসের মধ্যে সংশ্লিষ্ট ডিসি অফিসে স্ট্যাম্প সংযুক্ত করণের জন্য সাবমিট করতে হবে। বর্তমানে স্ট্যাম্প ফি সাধারণত ২,০০০ টাকা (জেলা ও সময়ভেদে ভিন্ন হতে পারে), যা চালানের মাধ্যমে ব্যংকে জমা করতে হয়। ব্যংকে টাকা দাখিল স্বাপেক্ষে ট্রেজারী অফিসার কর্তৃক মূল আমমোক্তারনামা দলিলে আঠালো স্ট্যাম্প সংযুক্ত করে তা দলিল গ্রহীতাকে ফেরত প্রদান করেন।
৬। তালাকের নোটিশ জারী এবং রেজিস্ট্রী
যথাযথভাবে বিশেষ পাওয়ার অব এটর্নী সম্পাদনের পর পাওয়ার গ্রহীতা কর্তৃক তালাকদাতার ন্যায় একই পদ্ধতিতে তালাকের নোটিশ প্রদান ও রেজিস্ট্রীর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করিতে পারিবেন।
আম-মোক্তার নামার মাধ্যমে তালাক প্রদানের সীমাবদ্ধতা
বিদেশ থেকে আম-মোক্তার নামা দলিলের মাধ্যমে প্রতিনিধি নিযুক্ত করে তালাক প্রদানের যথার্থতা সম্পর্কে আইনে সুনির্দিষ্ট কোন বক্তব্য নেই। প্রচলিত প্রাকটিস এবং আইনজীবীদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতেই আম-মোক্তারনামা মূলে তালাকের একটা প্রচলন আছে।
তবে এ ধরনের তালাক বহুল বিতর্কিত কারন তালাক সংশ্লিস্ট আইনের কিছু বিধান প্রকৃত অর্থে চর্চা করার সুযোগ থাকেনা। যেমন, তালাক নোটিশ প্রদানের পর সালিশী পরিষদ কর্তৃক উভয় পক্ষকে ডাকানো এবং আপোস মিমাংসার বিষয়টি এক্ষেত্রে উপেক্ষিত থাকে। যেহেতু, তালাক দাতা বিদেশে থাকে কাজেই তাহার পক্ষে আপোষে স্বীয় মতামত প্রদানের সুযোগ থাকেনা ফলে একপক্ষের কথা শুনে সালিশী পরিষদের সিদ্ধান্ত নিতে হয়।
আবার তালাক নোটিশ প্রদানের পর তালাক দাতা যদি মনে করেন তিনি তালাক প্রত্যাহার করবেন তবুও তাহার প্রতিনিধি আম-মোক্তার যদি তালাক প্রত্যাহারে মত না দেয় সেক্ষেত্রে তালাক কার্যকর হয়ে যায়। আবার তালাকদাতা যদি মনে করেন আমমোক্তার প্রতাহার করে তালাক বাতিল করবেন তারও সুযোগ থাকেনা যেহেতু ৯০ দিন পর তালাক অটো কার্যকর হয়ে যায় এবং আমমোক্তার প্রত্যাহার সময় স্বাপেক্ষ্য।
অন্যদিকে, কাজী কর্তৃক তালাক রেজিস্ট্রীকালে কাজীর নির্ধারিত ভলিউমে তালাক দাতার স্বাক্ষর/টিপসই আবশ্যক। আম-মোক্তার নামার মাধ্যমে তালাক প্রদান করলে কাজীর ভলিউমে দাতার সরাসরি সহি-স্বাক্ষর করার সুযোগ না থাকায় ভবিষ্যতে বিভিন্ন ভাবে জটিলতা সৃষ্টি হয় ।
বিদেশ হতে তালাক প্রদানের পূর্বে যেসব বিষয় জানতে হবে
১। জেলা ম্যাজিস্ট্রেট সত্যায়ন করবে কিনা?
জেলা ভেদে সত্যায়ন ও স্ট্যাম্প সংযুক্ত করণের বিভিন্ন নিয়ম-নীতির পার্থক্য দেখা যায়। তালাকের আমমোক্তারনামা বিদেশে প্রদানের আগে আপনার স্থানীয় ডিসি অফিস এবং তালাক রেজিস্টার এর সহিত কথা বলে নিশ্চিত হোন যে বিদেশ থেকে তালাকের আমমোক্তার নামা গ্রহণ করবে কিনা।
২। যেকোন এক পক্ষের মাধ্যমে তালাক প্রদান
যদি এমন হয় যে, স্বামী-স্ত্রী উভয় পক্ষ তালাকে সম্মত আছে তাহলে দেশে যে থাকবে তার মাধ্যেমে তালাক প্রদান করাই ভাল এতে অর্থ ও সময় দুটোই বাচঁবে।
বিদেশ থেকে তালাক: ধাপ ও সময় এক নজরে
| ধাপ | কোথায় | সময়সীমা |
|---|---|---|
| বিশেষ পাওয়ার অব অ্যাটর্নির খসড়া | বাংলাদেশে আইনজীবীর মাধ্যমে | শুরুতেই |
| দলিলে স্বাক্ষর ও সত্যায়ন | সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস | অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী |
| পররাষ্ট্র মন্ত্রণালয়ে সত্যায়ন | ঢাকা | দূতাবাসের সত্যায়নের ৬০ দিনের মধ্যে |
| স্ট্যাম্প সংযুক্তি | সংশ্লিষ্ট ডিসি অফিস | মন্ত্রণালয়ের সত্যায়নের ১ মাসের মধ্যে |
| তালাকের নোটিশ | চেয়ারম্যান বা মেয়র এবং স্ত্রীর কাছে | স্ট্যাম্পিংয়ের পর |
| তালাক কার্যকর | সালিশি পরিষদ | নোটিশ প্রাপ্তির ৯০ দিন পর |
| তালাক রেজিস্ট্রি | নিকাহ রেজিস্ট্রার (কাজী) | কার্যকর হওয়ার পর |
তালাকের নোটিশ ও ৯০ দিনের বিধান মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৭ ধারায় বলা আছে। দেশে থেকে তালাক দেওয়ার নিয়ম জানতে পড়ুন তালাক দেওয়ার বৈধ নিয়ম।
বিদেশ থেকে তালাকের জন্য যেসব কাগজপত্র লাগে
- তালাকদাতার বৈধ পাসপোর্টের কপি
- কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেট
- আমমোক্তার গ্রহীতার জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি
- দাতা ও গ্রহীতার পাসপোর্ট সাইজের ছবি
- স্ত্রীর পূর্ণ নাম, ঠিকানা ও ইউনিয়ন বা ওয়ার্ডের তথ্য
- তালাকের নোটিশের খসড়া
বিদেশ থেকে তালাক নিয়ে সচরাচর জিজ্ঞাসা
বিদেশ থেকে কি সরাসরি তালাকের নোটিশ পাঠানো যায়?
তালাকদাতা নিজে লিখিত নোটিশ পাঠাতে পারেন, তবে বাস্তবে নোটিশ জারি, সালিশি পরিষদে হাজিরা ও কাজীর ভলিউমে স্বাক্ষরের জন্য দেশে একজন প্রতিনিধি লাগে। তাই দূতাবাসে সত্যায়িত বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি করা হয়।
বিদেশ থেকে তালাক কার্যকর হতে কত দিন লাগে?
নোটিশ চেয়ারম্যান বা মেয়রের কাছে পৌঁছানোর ৯০ দিন পর তালাক কার্যকর হয়। এর আগে পাওয়ার অব অ্যাটর্নির সত্যায়ন ও স্ট্যাম্পিংয়ে কয়েক সপ্তাহ লাগতে পারে।
স্ত্রী কি বিদেশ থেকে তালাক দিতে পারেন?
কাবিননামায় তালাকের ক্ষমতা অর্পণ (তালাক-ই-তাফউইজ) থাকলে স্ত্রীও একই পদ্ধতিতে প্রতিনিধির মাধ্যমে তালাক দিতে পারেন।
বিদেশ থেকে তালাক দিলে কি দেনমোহর দিতে হয়?
হ্যাঁ। তালাক যেখান থেকেই দেওয়া হোক, বকেয়া দেনমোহর ও ইদ্দতকালীন খোরপোশ পরিশোধ করতে হয়।
৯০ দিনের মধ্যে কি তালাক প্রত্যাহার করা যায়?
হ্যাঁ। ৯০ দিনের মধ্যে তালাকদাতা চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়ে তালাক প্রত্যাহার করতে পারেন। তবে প্রতিনিধির মাধ্যমে তালাক দিলে সময়মতো প্রত্যাহার নিশ্চিত করা কঠিন হতে পারে।
বিদেশ থেকে তালাকের পাওয়ার অব অ্যাটর্নি, নোটিশ বা রেজিস্ট্রিতে আইনি সহায়তার জন্য আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।
