Deed and registration 1 min read

বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার সরকারি গেজেট (ফরম-৩)

প্রবাসে থেকে দেশের জমি বিক্রি, বন্ধক বা ডেভেলপারকে দেওয়ার জন্য পাওয়ার অব অ্যাটর্নি করতে হলে সরকার নির্ধারিত ফরম অনুসরণ করতে হয়। পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২-এর অধীনে প্রণীত পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫-এর তফসিল ক-এর ফরম-৩ হলো বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার নির্ধারিত সরকারি ফরম। নিচে গেজেটের ফরমটি হুবহু তুলে ধরলাম, সাথে কীভাবে পূরণ ও ব্যবহার করবেন তার ব্যাখ্যা দিলাম।

বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি: ফরম ব্যবহারের ধাপ

  1. বাংলাদেশে আইনজীবী দিয়ে ফরম-৩ অনুযায়ী পাওয়ার অব অ্যাটর্নির খসড়া তৈরি করুন এবং প্রবাসী দাতার কাছে পাঠান।
  2. দাতা ও গ্রহীতার সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করুন। দাতা দুই ছবির উপর আড়াআড়িভাবে স্বাক্ষর ও টিপসই দেবেন।
  3. যে অনুচ্ছেদ প্রযোজ্য নয়, তার পাশে “প্রযোজ্য নয়” লিখুন।
  4. সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটে কর্মকর্তার সামনে দাতা স্বাক্ষর করবেন এবং দলিল প্রমাণীকরণ করাবেন।
  5. সত্যায়িত দলিল বাংলাদেশে পাঠান। দেশে জেলা প্রশাসকের কার্যালয়ে স্ট্যাম্পিংয়ের পর সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে হবে।
  6. স্থাবর সম্পত্তির বর্ণনা থাকলে রেজিস্ট্রির সময় দাতার পক্ষে গ্রহীতা হলফনামা দেবেন।

পুরো প্রক্রিয়া একটি উদাহরণসহ বিস্তারিত জানতে পড়ুন বিদেশ থেকে আমমোক্তার দলিলের মাধ্যমে জমি বিক্রির পদ্ধতি।

ফরম-৩ এর মূল অংশ এক নজরে

অনুচ্ছেদকী লিখতে হবে
১ থেকে ৪সম্পাদনের তারিখ, দাতা ও গ্রহীতার নাম, পরিচিতি ও দাতার পাসপোর্টের বিবরণ
৫ ও ৬ক্ষমতার ধরন (বিশেষ, সাধারণ বা অপ্রত্যাহারযোগ্য), উদ্দেশ্য এবং রেজিস্ট্রির জন্য দাখিলের ক্ষমতা
৭ ও ৮বিক্রি, বন্ধক বা ভূমি উন্নয়নের ক্ষমতা হলে সম্পত্তির তফসিল এবং উন্নয়নের পর হস্তান্তরযোগ্য অংশ
৯ থেকে ১১পণমূল্য, গৃহীত অর্থ ও আর্থিক দায়
১২ ও ১৩ক্ষমতার মেয়াদ এবং একাধিক দাতা বা গ্রহীতা হলে যৌথ বা পৃথক ক্ষমতা
১৪ থেকে ১৮বিশেষ শর্ত, দাতার স্বাক্ষর, মুসাবিদাকারী, হলফনামা ও প্রমাণীকরণকারী কর্মকর্তার স্বাক্ষর

বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি দিতে যেসব কাগজপত্র লাগে

  • দাতার বৈধ পাসপোর্টের কপি
  • দাতা ও গ্রহীতার সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি
  • গ্রহীতার জাতীয় পরিচয়পত্রের কপি
  • সম্পত্তির দলিল, বায়া দলিল ও খতিয়ানের কপি
  • নামজারি খতিয়ান ও হালনাগাদ খাজনার দাখিলা
  • দেশে রেজিস্ট্রির সময় ২০০ টাকার স্ট্যাম্পে গ্রহীতার হলফনামা

বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার সরকারি গেজেট (ফরম-৩)

সূত্র: পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫, তফসিল ক, ফরম-৩

ফরম-৩: বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ২৩, ২০১৫ (পৃষ্ঠা ৫৯৭২)


তফসিল ক
ফরম-৩
বাংলাদেশের বাহিরে সম্পাদিত পাওয়ার অব অ্যাটর্নি প্রমাণীকরণ
[বিধি ১০(১) দ্রষ্টব্য]

[ দ্রষ্টব্য : (১) নিম্নবর্ণিত ২ ও ৩ নং অনুচ্ছেদে লিপিবদ্ধ বিবরণের পার্শ্বে যথাক্রমে-পাওয়ারদাতা ও গ্রহীতার পাসপোর্ট আকারের সাদা পট-ভূমিতে সম্প্রতি তোলা রঙিন ছবি সংযুক্তক্রমে উভয় ছবি পাওয়ারদাতা কর্তৃক শনাক্তপূর্বক তাহাকে ছবির উপর আড়া-আড়িভাবে নিজ দস্তখত ও টিপসহি প্রদান করিতে হইবে, যদি তিনি নাম স্বাক্ষর করিতে অক্ষম হন, তাহা হইলে তাহার পরিচিত কোন ব্যক্তি দ্বারা তাহার নাম বকলমে লিপিবদ্ধ করিতে হইবে;

(২) যে সকল অনুচ্ছেদের প্রয়োজন হইবে না উহার/উহাদের পার্শ্বে ‘প্রযোজ্য নয়’ উল্লেখ করিতে হইবে;

(৩) দলিলে স্থাবর সম্পত্তির বর্ণনা থাকিলে উহা নিবন্ধনের ক্ষেত্রে পাওয়ারদাতার পক্ষে পাওয়ারগ্রহীতা কর্তৃক হলফনামা প্রদান করিতে হইবে;

(৪) “পরিচিতি” অর্থ রেজিস্ট্রেশন আইনের section 2 sub-section (1) এ প্রদত্ত “addition” এর সংজ্ঞা অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচিতি। ]


ক্রমিক নম্বর ………………………. তারিখ ……………………..
সংশ্লিষ্ট নোটারি পাবলিক, বা কোন কোর্ট, জজ, ম্যাজিস্ট্রেট, বাংলাদেশের কনসাল বা ভাইস কনসাল বা সরকারের প্রতিনিধির নাম ও ঠিকানা :
ক্রমিক নম্বর …………………… বহি নম্বর ………………… দলিল নম্বর …………….. সন …………… তারিখ …………..…



সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার এর কার্যালয়ের নাম ও ঠিকানা :
দলিলের প্রকৃতি মৌজা থানা/উপজেলা জেলা পণমূল্য (যদি থাকে)

১। সম্পাদনের তারিখ :


২। পাওয়ারদাতা/দাতাগণের নাম ও পরিচিতি :


৩। পাওয়ার গ্রহীতা/গ্রহীতাগণের নাম ও পরিচিতি :


৪। পাওয়ারদাতা/দাতাগণের পাসপোর্টের বিবরণ :


৫। পাওয়ারদাতা কর্তৃক প্রদেয় বিশেষ, সাধারণ বা অপ্রত্যাহারযোগ্য ক্ষমতা প্রদানের উদ্দেশ্য ও প্রদেয়
ক্ষমতার বিবরণ এবং পাওয়ারগ্রহীতা কর্তৃক সম্পাদিতব্য দায়িত্ব ও কার্যাবলীর বিস্তারিত বিবরণ :


৬। এই পাওয়ার অব অ্যাটর্নি দলিলটি বিধি মোতাবেক পাওয়ারগ্রহীতা কর্তৃক বাংলাদেশের কোন উপযুক্ত
সাব-রেজিস্ট্রারের নিকট রেজিস্ট্রির নিমিত্ত দাখিল করিবার ক্ষমতা প্রদান সংক্রান্ত বিবরণ :


৭। স্থাবর সম্পত্তি বিক্রয়, বিক্রয়ের চুক্তি বা ঋণ গ্রহণের বিনিময়ে বন্ধক প্রদান সংক্রান্ত ক্ষমতা প্রদত্ত
হইলে উহার বিবরণসহ সম্পত্তির তফসিল বর্ণনা; অথবা ভূমি উন্নয়ন সংক্রান্ত কোন ক্ষমতা প্রদত্ত
হইলে, উহার বিবরণ ও উহাতে সৃজিতব্য প্লটের বা নির্মিতব্য ভবনের বিস্তারিত বিবরণসহ সম্পত্তির
তফসিল বর্ণনা; অথবা ভূমি উন্নয়ন ব্যতীত স্থাবর সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত কোন ক্ষমতা প্রদত্ত
হইলে উহার বিবরণসহ সম্পত্তির তফসিল বর্ণনা; (প্রত্যেক ক্ষেত্রেই রেজিস্ট্রেশন আইনের section
52A তে বিধৃত বিষয়াদি সন্নিবেশ করিতে হইবে); অথবা প্রযোজ্য ক্ষেত্রে সম্পত্তির তফসিল বর্ণনা :


৮। ভূমি উন্নয়ন সংক্রান্ত কোন ক্ষমতা প্রদত্ত হইলে, প্রস্তাবিত ভূমি উন্নয়ন কার্য সম্পন্নের পর উহা হইতে অর্জিত যে অংশ পাওয়ারগ্রহীতা প্লট, ইমারত বা স্পেস আকারে বিক্রয় বা হস্তান্তরের ক্ষমতাপ্রাপ্ত হইবেন উহার বিবরণ :


৯। আইনের ধারা ২(২) অনুসারে সম্পত্তির পণমূল্য;


১০। প্রযোজ্য ক্ষেত্রে পাওয়ারদাতা কর্তৃক গৃহীত কোন অর্থ, যদি থাকে, বা কোন আর্থিক লেনদেন, যদি হয়, তবে উহার বিবরণ;


১১। আর্থিক দায় ও দায়িত্ব, যদি থাকে, উহার বিবরণ :


১২। প্রদেয় ক্ষমতা প্রয়োগের নির্দিষ্ট মেয়াদ, যদি থাকে :


১৩। পাওয়ারদাতা একাধিক হইলে তাহারা যৌথভাবে, বা পৃথকভাবে ক্ষমতা প্রদান করিয়াছেন কিনা
উহার বিবরণ; এবং নিযুক্ত অ্যাটর্নি একাধিক হইলে তাহারা যৌথভাবে, বা পৃথকভাবে অথবা যৌথ ও
পৃথক উভয়ভাবেই কার্য সম্পাদনের ক্ষমতাপ্রাপ্ত হইয়াছেন কিনা উহার বিবরণ:


১৪। পক্ষগণের অভিপ্রায় প্রতিফলনের নিমিত্ত অন্য কোন তথ্য বা বিশেষ শর্ত, প্রযোজ্য ক্ষেত্রে :


১৫। পাওয়ারদাতা/দাতাগণের নাম ও স্বাক্ষর :


১৬। এডভোকেট বা সলিসিটর বা দলিল মুসাবিদাকারীর নাম, পরিচিতি ও স্বাক্ষর (প্রযোজ্য ক্ষেত্রে) :


১৭। প্রযোজ্য ক্ষেত্রে পাওয়ারদাতার পক্ষে প্রদত্ত হলফনামা :


১৮। উপযুক্ত কর্মকর্তার নাম, পদবিযুক্ত সিল ও তারিখসহ স্বাক্ষর :

বিশেষ দ্রষ্টব্য: বিদেশ থেকে সম্পাদিত পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা দলিলে দাতার পরিবর্তে গ্রহীতাকে হলফনামা দিতে হয়। ডিসি অফিসে স্ট্যাম্প ফি (সাধারণত ২,০০০ টাকা, তবে জেলা ও সময়ভেদে ভিন্ন হতে পারে) দেওয়ার পর সাব-রেজিস্ট্রারের কাছে দলিল উপস্থাপনের সময় ২০০ টাকার স্ট্যাম্পে হলফনামা সংযুক্ত করে দাখিল করতে হবে।

বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে সচরাচর জিজ্ঞাসা

বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি দিতে কোন ফরম লাগে?

পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫-এর তফসিল ক-এর ফরম-৩, যা ২৩ জুলাই ২০১৫ তারিখের অতিরিক্ত গেজেটে প্রকাশিত।

বিদেশে কে পাওয়ার অব অ্যাটর্নি প্রমাণীকরণ করেন?

সাধারণত সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটের কনসাল বা ভাইস কনসাল। বিধি অনুযায়ী নোটারি পাবলিক, আদালত, জজ বা ম্যাজিস্ট্রেটও প্রমাণীকরণ করতে পারেন, তবে বাংলাদেশে গ্রহণযোগ্যতার জন্য দূতাবাসের প্রমাণীকরণ নিরাপদ।

হলফনামা কে দেন?

বিদেশ থেকে সম্পাদিত পাওয়ারে স্থাবর সম্পত্তির বর্ণনা থাকলে দাতার পক্ষে গ্রহীতা ২০০ টাকার স্ট্যাম্পে হলফনামা দেন।

দেশে আসার পর কত দিনের মধ্যে রেজিস্ট্রি করতে হয়?

জেলা প্রশাসকের কার্যালয়ে স্ট্যাম্পিংয়ের পর সাধারণত ৯০ দিনের মধ্যে সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে হয়।

এই ফরম কি নিজে পূরণ করা যায়?

পূরণ করা যায়, তবে সম্পত্তির তফসিল, ক্ষমতার পরিধি ও রেজিস্ট্রেশন আইনের ধারা ৫২এ-এর তথ্য ভুল হলে দেশে রেজিস্ট্রি আটকে যেতে পারে। তাই আইনজীবী দিয়ে খসড়া করানো নিরাপদ।

বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নির খসড়া, দূতাবাসের প্রক্রিয়া বা দেশে রেজিস্ট্রেশনে সহায়তার জন্য Ain Bisharod-এর এনআরবি প্রপার্টি সেবা দেখুন অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এই বিষয়ে আরও পড়ুন

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature. Watch his property law videos on <a href="https://www.youtube.com/channel/UCv3PBDuEpIZcWjXWwGxByMQ" target="_blank" rel="noopener">YouTube</a>.

View All Articles by Author