ভূমি উন্নয়ন কর না দিলে কী হয়, এই প্রশ্ন অনেকেই করেন যখন জমি বিক্রি, ব্যাংক লোন বা নামজারির সময় হঠাৎ বকেয়া খাজনার কারণে কাজ আটকে যায়। এই লেখায় নিয়মিত খাজনা দেওয়ার সুবিধা, বকেয়া রাখলে কী ঝুঁকি তৈরি হয় এবং অনলাইনে কীভাবে খাজনা দেবেন, তা তুলে ধরলাম।
ভূমি উন্নয়ন কর বা খাজনা কী?
ভূমি উন্নয়ন কর বা খাজনা শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। জমিদারি প্রথার সময় খাজনা আদায়ের জন্য প্রজাদের উপর অত্যাচার, নিপীড়ন ও শোষণ চালানো হতো, এ বিষয়ে আমরা সবাই জানি। বর্তমানেও খাজনার প্রচলন রয়েছে। ভূমির মালিকানা ব্যক্তির নামে হলেও সেই জমি ব্যবহারের জন্য সরকারকে খাজনা দিতে হয়।
বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের খাতগুলোর মধ্যে ভূমি উন্নয়ন কর একটি। এই খাত থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আসে। বর্তমানে এটি ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ অনুযায়ী আদায় হয়।
নিয়মিত খাজনা দেওয়ার সুবিধা এবং ভূমি উন্নয়ন কর না দিলে যেসব সমস্যা হয়
- নিয়মিত ভূমি উন্নয়ন কর দিলে জমির রেকর্ড হালনাগাদ থাকে এবং জমিতে মালিকের স্বত্ব চলমান থাকার প্রমাণ তৈরি হয়।
- জমি বিক্রি, বন্ধক বা যেকোনো ধরনের হস্তান্তরের ক্ষেত্রে ভূমি উন্নয়ন করের রসিদ বর্তমানে আবশ্যক। খাজনার রসিদ ছাড়া কোনো দলিল রেজিস্ট্রি সম্পন্ন করা যায় না।
- ব্যক্তিগত বা জরুরি প্রয়োজনে ব্যাংক লোন নিতে হলে ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ এবং নামজারির কাগজপত্র দেখাতে হয়।
- হালনাগাদ খাজনা পরিশোধ না থাকলে ওই জমির মালিকানা ও স্বত্ব চলমান আছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়।
- ভূমি উন্নয়ন কর তিন বছরের বেশি বকেয়া থাকলে সরকার সার্টিফিকেট মামলার মাধ্যমে তা আদায় করতে পারে এবং প্রয়োজনে জমি নিলামে বিক্রি করতে পারে। সেক্ষেত্রে মালিকানা ও দখল হারানোর মতো অবস্থা তৈরি হতে পারে।
- জমিতে ভবন, কারখানা বা অন্য স্থাপনা নির্মাণে রাজউক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হলে হালনাগাদ খাজনার রসিদ লাগে। কাজেই খাজনা বকেয়া না রেখে হালনাগাদ পরিশোধ করা প্রত্যেক ভূমি মালিকের দায়িত্ব।
- বকেয়া ভূমি উন্নয়ন করের উপর সরকার সুদ আরোপ করে। তাই সুদমুক্ত লেনদেন বজায় রাখতে একজন মুসলিম হিসেবেও নিয়মিত খাজনা দেওয়া উচিত।
- দীর্ঘদিন খাজনা না দিলে সরকার জমিটির কোনো দাবিদার নেই ধরে নিয়ে নিলামের পথে যেতে পারে। তখন মালিকানা হারানোর শঙ্কা তৈরি হয়।
- বর্তমানে ভূমি উন্নয়ন কর সেবা ডিজিটাল হওয়ায় ডাটাবেসে মালিকের নাম, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখসহ বিভিন্ন তথ্য যুক্ত হয়। এতে মালিকানার শক্ত দালিলিক প্রমাণ তৈরি হয়।
- হালনাগাদ খাজনার রসিদ জমিতে মালিকের বর্তমান দখলের প্রমাণ বহন করে। জমি সংক্রান্ত মামলায় খাজনার রসিদ দাখিল করলে আদালত সাধারণত ধরে নেন যে খাজনা প্রদানকারীই জমির প্রকৃত দখলদার, ফলে মামলায় কর প্রদানকারীর অবস্থান শক্ত হয়।
ভূমি উন্নয়ন কর না দিলে ঝুঁকি এক নজরে
| পরিস্থিতি | সম্ভাব্য সমস্যা |
|---|---|
| খাজনা বকেয়া | বকেয়ার উপর সুদ যোগ হয় |
| ৩ বছরের বেশি বকেয়া | সার্টিফিকেট মামলা, প্রয়োজনে নিলাম |
| জমি বিক্রি বা হস্তান্তর | খাজনার রসিদ ছাড়া দলিল রেজিস্ট্রি হয় না |
| নামজারি আবেদন | হালনাগাদ রসিদ না থাকলে আবেদন আটকে যায় |
| ব্যাংক লোন | রসিদ ও নামজারি ছাড়া জমি বন্ধক নেয় না |
| জমির মামলা | দখলের প্রমাণ দুর্বল হয় |
অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার ধাপ
- ldtax.gov.bd ওয়েবসাইট বা ভূমি উন্নয়ন কর অ্যাপে মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করুন।
- বিভাগ, জেলা, উপজেলা, মৌজা ও খতিয়ান নম্বর দিয়ে জমির তথ্য যুক্ত করুন।
- খতিয়ানের কপি আপলোড করে হোল্ডিং খোলার আবেদন করুন। ইউনিয়ন ভূমি অফিস যাচাই করে হোল্ডিং অনুমোদন করবে।
- অনুমোদনের পর বকেয়া ও হালসনের দাবি দেখে মোবাইল ব্যাংকিং বা কার্ডে পরিশোধ করুন।
- পরিশোধের পর কিউআর কোডযুক্ত দাখিলা ডাউনলোড করে সংরক্ষণ করুন।
অনলাইনে খাজনা দিতে যেসব কাগজ লাগে
- জমির মালিকের জাতীয় পরিচয়পত্র
- মালিকের নামে নিবন্ধিত মোবাইল নম্বর
- হালনাগাদ খতিয়ান বা নামজারি খতিয়ানের কপি
- সর্বশেষ খাজনার দাখিলা (থাকলে)
- ওয়ারিশ হলে ওয়ারিশান সনদ
উপসংহার
নিয়মিত রাজস্ব প্রদান একজন সুনাগরিকের বৈশিষ্ট্য। নিয়মিত ভূমি উন্নয়ন কর দিয়ে রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে সহায়তা করা যেমন দায়িত্ব, তেমনি এটি আপনার জমির মালিকানাকেও সুরক্ষিত রাখে। তাই ভূমি উন্নয়ন কর না দিলে যে ঝুঁকি তৈরি হয়, তা এড়াতে প্রতি অর্থবছরে সময়মতো খাজনা পরিশোধ করুন।
ভূমি উন্নয়ন কর নিয়ে সচরাচর জিজ্ঞাসা
ভূমি উন্নয়ন কর কত বছর বকেয়া থাকলে সমস্যা হয়?
তিন বছরের বেশি বকেয়া থাকলে সরকার সার্টিফিকেট মামলার মাধ্যমে আদায়ের ব্যবস্থা নিতে পারে, প্রয়োজনে জমি নিলামে উঠতে পারে।
বকেয়া খাজনা কি একসাথে দেওয়া যায়?
হ্যাঁ। অনলাইনে হোল্ডিং খোলার পর বকেয়া ও হালসনের দাবি একসাথে দেখা যায় এবং একবারে পরিশোধ করা যায়।
খাজনার রসিদ ছাড়া কি জমি বিক্রি করা যায়?
না। দলিল রেজিস্ট্রির সময় হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা দাখিল করতে হয়।
অনলাইন দাখিলা কি বৈধ?
হ্যাঁ। ldtax.gov.bd থেকে পাওয়া কিউআর কোডযুক্ত দাখিলা সরকারি রসিদ হিসেবে বৈধ এবং কিউআর কোড স্ক্যান করে যাচাই করা যায়।
খাজনা দিলেই কি মালিকানা প্রমাণ হয়?
খাজনার রসিদ দখল ও স্বত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ, তবে একমাত্র প্রমাণ নয়। মালিকানার জন্য দলিল, খতিয়ান ও নামজারিও লাগে।
বকেয়া খাজনা, সার্টিফিকেট মামলা বা হোল্ডিং খোলা নিয়ে জটিলতায় আইনি সহায়তার জন্য Ain Bisharod-এর প্রপার্টি ল সার্ভিস দেখুন অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।
