দেনমোহর হচ্ছে বিয়ে উপলক্ষে স্বামী কর্তৃক বাধ্যতামূলকভাবে স্ত্রীকে নগদ অর্থ, সোনা-রুপা বা স্থাবর সম্পত্তি প্রদান করা। এটা প্রত্যেক স্বামীর উপর বাধ্যতামূলক। অনেকে মনে করেন এটা স্ত্রীর উপর স্বামীর দয়া বা করুণা, কিন্তু এটা আসলে একজন স্ত্রীর অধিকার। তাই দেনমোহর কখন দিতে হবে, কতটুকু নগদে আর কতটুকু বাকিতে, এবং না দিলে স্ত্রী কী প্রতিকার পাবেন, তা জানা জরুরি।
দেনমোহর স্ত্রীর কাছে স্বামীর ঋণ। স্ত্রী দাবি না করলেও স্বামীকে উপযুক্ত মোহরানা অবশ্যই পরিশোধ করতে হবে।

দেনমোহরের পরিমাণ নির্ধারণ
মোহরানা নির্ধারিত বা অনির্ধারিত দুটোই হতে পারে। হানাফি আইন অনুসারে নির্ধারিত দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ ১০ দিরহাম আর মালিকি আইনে ৩ দিরহাম। তবে সর্বোচ্চ কত হবে, তা কোথাও উল্লেখ নেই।
দেনমোহর কখন দিতে হবে: দুইটি অংশ
দেনমোহরের দুইটি অংশ থাকে:
- “মোহরে মু’আজ্জাল” বা নগদে প্রদেয় (তাৎক্ষণিক দেনমোহর)
- “মোহরে মুয়াজ্জাল” বা বাকিতে প্রদেয় (বিলম্বিত দেনমোহর)
| বিষয় | মু’আজ্জাল (নগদ) | মুয়াজ্জাল (বাকি) |
|---|---|---|
| কখন দিতে হবে | বিয়ের সময় বা স্ত্রী চাওয়া মাত্র | তালাক বা মৃত্যুতে বিয়ে বিচ্ছেদ হলে, অথবা কাবিননামায় উল্লিখিত সময়ে |
| স্ত্রীর অধিকার | না পেলে স্বামীর সাথে বসবাসে অস্বীকৃতি জানাতে পারেন | বিচ্ছেদের পর পুরো বকেয়া দাবি করতে পারেন |
| মামলার সময়সীমা | দাবি করে না পাওয়ার তারিখ থেকে ৩ বছর | বিবাহ বিচ্ছেদের তারিখ থেকে ৩ বছর |
| কাবিনে উল্লেখ না থাকলে | মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ধারা ১০ অনুযায়ী পুরো দেনমোহর চাহিবামাত্র প্রদেয় ধরা হয় | প্রযোজ্য নয় |
আমাদের দেশে সাধারণত মোহরের অর্থ বাকি রেখেই বিয়ে হয়ে থাকে। আর সেই বাকিই একসময় ফাঁকিতে পরিণত হয়।
ইসলামী দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেনমোহরের টাকা নগদে বিয়ের সাথে সাথে বা প্রথম মিলনের রাতের আগেই পরিশোধ করা উত্তম। কোনোভাবেই দেনমোহর বাকি রেখে বছরের পর বছর সংসার করা উচিত নয়। এটা দেনমোহরের চেতনার সাথে সাংঘর্ষিক।
মোহরের পরিমাণ ঠিক হয়ে গেলে আর কমানো যায় না, তবে চাইলে বাড়ানো যেতে পারে।
যদি দেনমোহর অনির্ধারিত থাকে এবং আদালতের মাধ্যমে আদায়ের প্রয়োজন পড়ে, তাহলে আদালত স্ত্রীর পিতৃকুলের অন্যান্য নারীর দেনমোহর বিবেচনা করে দেনমোহর নির্ধারণ করে দেবেন। একে মোহরে মিসাল বলা হয়।
দেনমোহর: নারীর অধিকার ও আইনি প্রতিকার
দেনমোহর বাকি রেখেই যদি স্বামী মারা যান, তাহলে স্ত্রী দেনমোহরের জন্য স্বামীর কোনো সম্পত্তি দখলে রাখতে পারবেন এবং যতদিন দেনমোহরের টাকা উসুল না হয়, ততদিন দখল চালিয়ে যেতে পারবেন। এ ধরনের দখলের জন্য স্বামীর উত্তরাধিকারীদের কোনো সম্মতি নেওয়ার প্রয়োজন নেই।
বিধবা নারীর দখলীয় সম্পত্তিতে দুই ধরনের অধিকার আছে। একটি হলো বকেয়া দেনমোহর আদায়ের অধিকার, আর দ্বিতীয়টি হলো উত্তরাধিকারী হিসেবে তার অধিকার।
কোনো নারী তাৎক্ষণিক দেনমোহর চেয়ে না পেলে তিনি স্বামীর সঙ্গে বসবাস ও দাম্পত্য মিলনে অস্বীকৃতি জানাতে পারবেন। চাইলে আলাদা থাকতে পারবেন এবং এক্ষেত্রেও স্বামী তাকে ভরণপোষণ দিতে বাধ্য থাকবেন।
এক্ষেত্রে দেখা যায়, স্বামী দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা করেন। কিন্তু এসব মামলা সাধারণত খারিজ হয়ে যায়, কারণ স্ত্রীর প্রাপ্য দেনমোহরের টাকা তিনি পরিশোধ করেননি।
যদি স্বামী মোহরানা দিতে না চান বা পরিস্থিতি দেখে বোঝা যায় তিনি দেনমোহর দিতে অস্বীকার করছেন, তাহলে স্ত্রী পারিবারিক আদালতে ৩ বছরের মধ্যে মামলা করতে পারবেন। এই সময় পার হয়ে গেলে মামলা করার অধিকার নষ্ট হয়। মামলার ধাপগুলো জানতে পড়ুন দেনমোহর আদায় করবেন কীভাবে।
দেনমোহরের মামলায় যেসব কাগজপত্র লাগে
- কাবিননামা বা নিকাহনামার সার্টিফায়েড কপি
- তালাক হয়ে থাকলে তালাকের নোটিশ ও তালাক রেজিস্ট্রির কপি
- স্বামী মারা গেলে মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ
- দেনমোহরের আংশিক পরিশোধ থাকলে তার প্রমাণ
- স্ত্রীর জাতীয় পরিচয়পত্র
- দেনমোহর দাবি করে পাঠানো নোটিশ বা যোগাযোগের প্রমাণ (থাকলে)
দেনমোহর নিয়ে প্রচলিত ভুল ধারণা
১) স্ত্রী নিজে তালাক দিলে দেনমোহর দিতে হয় না
অনেকের মুখে প্রায়ই শোনা যায়, মেয়ে নিজে তালাক দিলে স্বামীকে মোহরানা পরিশোধ করতে হবে না। এটা আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। দেনমোহর যেকোনো অবস্থায় স্বামীর ঋণ। এক্ষেত্রে দেনমোহর কখনোই মাফ হবে না। বিস্তারিত পড়ুন ডিভোর্স দিলে কি দেনমোহর দিতে হয়।
১৯৩৯ সালের মুসলিম বিবাহবিচ্ছেদ আইনের ধারা ৫-এ বলা হয়েছে, যে কারণেই বিবাহবিচ্ছেদ ঘটুক না কেন, তা স্ত্রীর দেনমোহর প্রাপ্তির অধিকারকে ক্ষুণ্ণ করবে না।
১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে বলা হয়েছে, কেউ সালিশি পরিষদের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে করলে বর্তমান স্ত্রীকে তার সম্পূর্ণ দেনমোহর তাৎক্ষণিক পরিশোধ করতে হবে। পরিশোধ না করলে তা বকেয়া ভূমি রাজস্বের মতো আদায় হবে।
২) দামি উপহার বা ফিক্সড ডিপোজিট মানেই দেনমোহর পরিশোধ
অনেক স্বামী স্ত্রীকে দামি উপহার দিয়ে মনে করেন, এর মাধ্যমে দেনমোহর পরিশোধ হয়ে গেছে। এটা ভুল ধারণা। তবে উপহার দেওয়ার সময় তা দেনমোহর হিসেবে দেওয়া হচ্ছে বলে স্ত্রীকে স্পষ্টভাবে জানালে তা দেনমোহর হিসেবে গণ্য হবে। আবার অনেকে স্ত্রীর জন্য টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন এবং সেটাকে দেনমোহর বলে চালিয়ে দেন। এটাও সঠিক নয়।
তবে ওই টাকা ব্যবহার ও খরচের উপর স্ত্রীর নিরঙ্কুশ অধিকার থাকলে তা দেনমোহর হিসেবে গণ্য হবে। বিয়ের সময় স্বামী যে অলংকার বা প্রসাধনী স্ত্রীকে দেন, তা দেনমোহরের অংশ নয়।
৩) বাসর রাতে বা স্বামীর মৃত্যুর পর মাফ করিয়ে নেওয়া
দেখা যায়, বাসর রাতে অনেকে স্ত্রীর কাছ থেকে মোহরানা মাফ করিয়ে নেন। আবার স্বামীর মৃত্যুর পর পরিবারের অন্য নারীরা স্ত্রীকে দেনমোহরের দাবি মাফ করে দিতে অনুরোধ করেন। এতে আসলে মোহরানা মাফ হয় না, কারণ এখানে প্রায়ই আবেগকে পুঁজি করে মাফ করিয়ে নেওয়া হয়।
কেবলমাত্র কোনো প্রকার ছলনা, প্ররোচনা, চাপ ও হুমকি ছাড়া, স্বামী অসচ্ছল হলে, স্ত্রী স্বেচ্ছায় দেনমোহরের কিছু অংশ বা পুরো মোহরানা মাফ করে দিলে তবেই স্বামী তা থেকে মুক্তি পাবেন।
দেনমোহর নিয়ে সচরাচর জিজ্ঞাসা
দেনমোহর কখন দিতে হবে?
নগদ বা তাৎক্ষণিক অংশ বিয়ের সময় বা স্ত্রী চাওয়া মাত্র দিতে হয়। বাকি অংশ তালাক বা মৃত্যুতে বিয়ে বিচ্ছেদ হলে অথবা কাবিনে উল্লিখিত সময়ে দিতে হয়।
কাবিনে নগদ-বাকি উল্লেখ না থাকলে কী হবে?
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ধারা ১০ অনুযায়ী কাবিনে পরিশোধের ধরন উল্লেখ না থাকলে পুরো দেনমোহর চাহিবামাত্র প্রদেয় বলে গণ্য হয়।
দেনমোহরের মামলা কোথায় করতে হয়?
স্ত্রী যে এলাকায় বসবাস করেন, সেই এলাকার পারিবারিক আদালতে দেনমোহর আদায়ের মামলা করা যায়।
দেনমোহরের মামলা কত দিনের মধ্যে করতে হয়?
তাৎক্ষণিক দেনমোহর দাবি করে না পাওয়ার তারিখ থেকে এবং বিলম্বিত দেনমোহর বিবাহবিচ্ছেদের তারিখ থেকে ৩ বছরের মধ্যে মামলা করতে হয়।
স্বামী মারা গেলে দেনমোহর কে দেবে?
স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে দেনমোহর আগে পরিশোধ করতে হয়, তারপর উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টন হয়। স্ত্রী দেনমোহর আদায় না হওয়া পর্যন্ত সম্পত্তির দখল রাখতে পারেন।
দেনমোহর আদায় বা স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার নিয়ে আইনি পরামর্শ প্রয়োজন হলে আইনজীবীর সাথে সরাসরি কথা বলুন: +880 1675881964 অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।
