Mutation and khatian 1 min read

জমির দলিল, খতিয়ান, নকশা, মৌজা ম্যাপ কোনটা কোন অফিসে পাবেন

অনেকেই আমাদের কাছে নানা বিষয়ে জানতে চান। জমিজমা সংক্রান্ত যেসব প্রশ্ন আসে, তার মধ্যে শীর্ষে থাকে জমির দলিল, খতিয়ান, নকশা, মৌজা ম্যাপ কোনটা কোন অফিসে পাবেন, এই বিষয়টি।

জমিজমার বিষয়ে যাদের মোটামুটি ধারণা আছে, তারাও প্রায়ই জানতে চান কোন অফিসে গেলে জমির কোন কাগজ তোলা যাবে। একটি জমির কিছু অত্যাবশ্যক ডকুমেন্ট থাকে, যা হারিয়ে গেলে বা নষ্ট হলে পুনরায় সংগ্রহ করতে হয়। আবার জমি বেচাকেনা বা হস্তান্তর, ব্যাংকে বন্ধক রেখে লোন নেওয়া, সরকারি অধিগ্রহণের ক্ষতিপূরণ তোলা, এমনকি ভবনের প্ল্যান পাস করাতেও এসব কাগজ লাগে।

জমির প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

কোনো জমির মালিকানা, দখল বা প্রকৃত অবস্থান যাচাই করতে নিচের কাগজপত্র সংগ্রহ করতে হয়:

  1. দলিল (মূল দলিল ও বায়া দলিল)
  2. পর্চা বা খতিয়ান
  3. খাজনার দাখিলা ও নামজারির কাগজপত্র
  4. মৌজা ম্যাপ বা নকশা
  5. বরাদ্দপত্র, লিজ দলিল ও দখল হস্তান্তরপত্র (রাজউক বা গৃহায়ণের প্লটের ক্ষেত্রে)

জমির দলিল, খতিয়ান, নকশা, মৌজা ম্যাপ কোনটা কোন অফিসে পাবেন: এক নজরে

কাগজকোথায় পাবেনঅনলাইন সুবিধা
নতুন দলিলের নকলসংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসনেই
পুরোনো বা বায়া দলিলের নকলজেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুমনেই
খতিয়ানের সার্টিফায়েড কপিজেলা প্রশাসকের কার্যালয় (রেকর্ড রুম)ই-পর্চায় আবেদন করা যায়
খতিয়ান নম্বর ও খসড়া তথ্যইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসই-পর্চায় খতিয়ান দেখা যায়
নামজারি খতিয়ান ও ডিসিআরউপজেলা বা সার্কেল ভূমি অফিসই-নামজারি পোর্টাল
নতুন জরিপের খতিয়ানসেটেলমেন্ট অফিসআংশিক
মৌজা ম্যাপডিসি অফিস ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরই-পর্চায় ম্যাপের আবেদন করা যায়
খাজনার দাখিলাইউনিয়ন ভূমি অফিসldtax.gov.bd

জমির দলিল কোন অফিসে পাবেন?

জমির দলিল মালিকানার প্রাথমিক প্রমাণ। জমির মালিকানার কালানুক্রমিক ইতিহাস এবং কীভাবে মালিকানা অর্জিত হয়েছে, তা নির্ধারণে দলিলের বিকল্প নেই। দলিলের বিভিন্ন প্রকার ও শ্রেণি আছে। তবে দলিল যে শ্রেণিরই হোক, যেকোনো রেজিস্টার্ড দলিল তোলার প্রয়োজন হলে সংশ্লিষ্ট অফিস থেকে দলিলের অবিকল নকল বা সার্টিফায়েড কপি সংগ্রহ করা যায়।

১। সাব-রেজিস্ট্রি অফিস

সাব-রেজিস্ট্রি অফিস জমির দলিলসহ বিভিন্ন চুক্তিপত্র, অংশীদারি দলিল ও অন্যান্য নিবন্ধনযোগ্য দলিল রেজিস্ট্রির দায়িত্বপ্রাপ্ত অফিস। এই অফিস থেকে নতুন দলিলের মূল কপি ও সাম্প্রতিক সময়ে রেজিস্ট্রিকৃত দলিলের নকল পাওয়া যায়। বহু পুরোনো দলিল বা বায়া দলিল এই অফিসে সাধারণত পাওয়া যায় না।

২। জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম

এই অফিসে নতুন বা পুরোনো দলিলের সার্টিফায়েড কপি বা নকল পাওয়া যায়। বায়া দলিল তোলার জন্য সদর রেকর্ড রুমে যেতে হয়। তবে এলাকাভেদে সাব-রেজিস্ট্রি অফিস থেকে রেকর্ড রুমে দলিল হস্তান্তরের সময় ভিন্ন হয়।

জমির পর্চা বা খতিয়ান কোথায় পাবেন?

জমির পর্চা বা খতিয়ান-সংক্রান্ত তথ্য মূলত চারটি অফিসে পাবেন:

  1. ইউনিয়ন ভূমি অফিস
  2. উপজেলা ভূমি অফিস
  3. জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিস
  4. সেটেলমেন্ট অফিস

ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল অফিস

ইউনিয়ন ভূমি অফিসের কাজ মূলত খাজনা আদায় এবং এসি ল্যান্ড অফিসের বিভিন্ন আদেশে প্রতিবেদন দেওয়া। তহসিল অফিস খতিয়ানের সার্টিফায়েড কপি দেয় না। তবে প্রয়োজনে খতিয়ান নম্বর ও খসড়া তথ্য এই অফিস থেকে জানা যায়। জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ বিষয়ে তথ্য অনুসন্ধানে তহসিল অফিসের গুরুত্ব অনেক।

এসি ল্যান্ড অফিস বা উপজেলা ভূমি অফিস

উপজেলা ভূমি অফিস জমির মালিকানার হালনাগাদ তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে। নতুন মালিকানা অনুযায়ী নামজারি, খারিজ বা মিউটেশন করা এই অফিসের প্রধান দায়িত্ব। এখান থেকেও খসড়া খতিয়ান ও মালিকানা সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যায়, তবে খতিয়ানের সার্টিফায়েড পর্চা এই অফিস দেয় না।

জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিস

এই অফিসের রেকর্ড রুম থেকে পর্চা বা খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ করা যায়। ডিসি অফিস প্রদত্ত খতিয়ানের গুরুত্ব সবচেয়ে বেশি। হালনাগাদ খতিয়ানসহ সিএস, এসএ, আরএস সব রেকর্ড একসাথে এখান থেকে পাওয়া যায়। বর্তমানে ই-পর্চা পোর্টালে অনলাইনে আবেদন করে সার্টিফায়েড কপি ডাকযোগে বা সরাসরি সংগ্রহ করা যায়। বিস্তারিত পড়ুন জমির খতিয়ান যাচাই করুন অনলাইনে।

সেটেলমেন্ট অফিস

সদ্য সম্পন্ন জরিপের পর্চা বা খতিয়ান সেটেলমেন্ট অফিস থেকে সংগ্রহ করা যায়। এছাড়া এখান থেকে বিভিন্ন ম্যাপ ও সার্ভে রিপোর্টও পাওয়া যায়।

জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?

জমির মৌজাভিত্তিক ম্যাপ বা নকশা সংগ্রহের জন্য দুটি অফিসে যেতে পারেন:

১। জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিস

ডিসি অফিস থেকে সিএস, এসএ, আরএস, বিএস, বিআরএস বা সিটি জরিপ অনুযায়ী মৌজা ম্যাপ সংগ্রহ করা যায়। নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করলে দ্রুত সময়ে মৌজা ম্যাপ পাওয়া যায়।

২। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ঢাকা

ঢাকার তেজগাঁও সাতরাস্তার মোড়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অবস্থিত। সারা বাংলাদেশের যেকোনো মৌজার সিএস, এসএ, আরএস, বিএস ম্যাপ, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ ইত্যাদি এই অফিস থেকে তোলা যায়। আমাদের অভিজ্ঞতায় আবেদন ফরম, কোর্ট ফি ও ডিসিআরসহ মোট খরচ প্রায় ৫৫০ টাকা এবং আবেদনের পর ৫ থেকে ৮ কার্যদিবসের মধ্যে ম্যাপ সরবরাহ করা হয়। আবেদনের আগে হালনাগাদ ফি জেনে নিন।

জমির কাগজপত্র তোলা নিয়ে সচরাচর জিজ্ঞাসা

হারিয়ে যাওয়া জমির দলিল কীভাবে তুলব?

দলিল নম্বর, সাল ও সাব-রেজিস্ট্রি অফিসের নাম জানা থাকলে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস বা জেলা রেকর্ড রুমে সার্টিফায়েড কপির আবেদন করুন। দলিল নম্বর জানা না থাকলে আগে তল্লাশি (সার্চ) করাতে হয়।

খতিয়ানের সার্টিফায়েড কপি অনলাইনে পাওয়া যায় কি?

হ্যাঁ। eporcha.gov.bd পোর্টালে আবেদন করে ফি পরিশোধ করলে ডিসি অফিসের রেকর্ড রুম থেকে সার্টিফায়েড কপি ডাকযোগে বা সরাসরি সংগ্রহ করা যায়।

খতিয়ান নম্বর জানা না থাকলে কী করব?

দাগ নম্বর বা মালিকের নাম দিয়ে ই-পর্চায় খোঁজা যায়। না পেলে ইউনিয়ন ভূমি অফিস থেকে খতিয়ান নম্বর জেনে নিন।

মৌজা ম্যাপ কতদিনে পাওয়া যায়?

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আবেদনের পর সাধারণত ৫ থেকে ৮ কার্যদিবসে ম্যাপ পাওয়া যায়। ডিসি অফিস বা অনলাইনেও আবেদন করা যায়।

বায়া দলিল কোথায় পাওয়া যায়?

বহু পুরোনো বায়া দলিল সাধারণত জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুমে সংরক্ষিত থাকে, সেখান থেকে নকল তুলতে হয়।

জমির পুরোনো দলিল তল্লাশি, সার্টিফায়েড কপি সংগ্রহ বা পুরো কাগজপত্র যাচাইয়ে সহায়তার জন্য Ain Bisharod-এর প্রপার্টি ভেরিফিকেশন সেবা দেখুন অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন।

এই বিষয়ে আরও পড়ুন

Share:
LinkedIn WhatsApp
Author & Legal Counsel

Adv. Matin Sarkaer Mishuk

Matin Sarkaer Mishuk is a registered property lawyer of Bangladesh Supreme Court and expert at Real Estate & Property Law, Land Documents Vetting, Property Disputes, Management of private and Leasehold properties (RAJUK, MoHPW & NHA), Banking Law, Law of Inheritance and other matters with civil nature. Watch his property law videos on <a href="https://www.youtube.com/channel/UCv3PBDuEpIZcWjXWwGxByMQ" target="_blank" rel="noopener">YouTube</a>.

View All Articles by Author